সেগুন কাঠ পাচার হয়েছে রাতে, অভিযান সকালে!
মৌলভীবাজারের জুড়ীতে গত বৃহস্পতিবার রাতে সংরক্ষিত বন থেকে অবৈধভাবে কেটে আনা বেশ কিছু সেগুন কাঠ একটি করাতকলের কাছে মজুদ করে রাখা হয়। এই তথ্য জেনেও বন বিভাগের লোকজন সেখানে অভিযান চালাননি। পরদিন (শুক্রবার) সকালে সেখানে অভিযান চালানো হয়। এই ফাঁকে বৃহস্পতিবার রাতেই এসব কাঠ অন্যত্র পাচার হয়ে যায়।স্থানীয় ও বন বিভাগের একটি সূত্র জানায়, উপজেলা সদরের ভবানীগঞ্জ বাজারে পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান মঈন উদ্দিন আহমদের মালিকানাধীন একটি করাতকল আছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ১২০-১২৫ ঘনফুট সেগুন কাঠ একটি ট্রাক থেকে নামিয়ে ওই করাতকলের কাছে মজুদ করা হয়। দুর্বৃত্তরা এসব কাঠ জুড়ী-১ রেঞ্জের লাঠিটিলা সংরক্ষিত বন থেকে অবৈধভাবে কেটে আনে। সূত্র জানায়, সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) গোপন সূত্রে খবর পেয়ে জুড়ী-১ রেঞ্জের বন কর্মকর্তাকে ওই দিন রাতেই ঘটনাস্থলে অভিযান চালাতে নির্দেশ দেন। জুড়ী-১ রেঞ্জ ও বন বিভাগের বিশেষ টহল বাহিনীর কুলাউড়া কার্যালয়ের লোকজন পরদিন শুক্রবার সকাল নয়টার দিকে করাতকলটিতে যৌথ অভিযান চালান। অভিযানকালে আওয়াল, গামাই, চাপালিশ ও গুতগুতি জাতের ৪১ ঘনফুট কাঠ জব্দ করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, অভিযানের আগাম খবর পেয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা নৌকা বোঝাই করে পাশের জুড়ী নদী দিয়ে সেগুন কাঠ অন্যত্র সরিয়ে ফেলে। জুড়ী-১ রেঞ্জের বন কর্মকর্তা আবদুস সাত্তার ডিএফওর নির্দেশের সত্যতা নিশ্চিত করে গতকাল শনিবার দুপুরে প্রথম আলোর কাছে দাবি করেন, লোকবল ও যানবাহনের ব্যবস্থা না থাকায় বৃহস্পতিবার রাতে তিনি অভিযান চালাননি। এ ছাড়া সেগুন কাঠ মজুদ ও পাচারের অভিযোগটি সঠিক নয়। তিনি জানান, করাতকল থেকে জব্দ করা কাঠগুলো অবৈধ। এ ব্যাপারে দুই ব্যক্তিকে আসামি করে বন আইনে একটি মামলা হয়েছে। আসামিদের নাম প্রকাশে তিনি অপারগতা প্রকাশ করেন।