সেগুনটিলার খাসিয়ারা উচ্ছেদ আতঙ্কে
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সেগুনটিলা পানপুঞ্জির আদিবাসীরা উচ্ছেদ আতঙ্কে আছে। জায়গা দখলের অভিযোগে বন বিভাগ সমপ্রতি তিন খাসিয়াকে আটক করলে এই আতঙ্ক আরও বেড়ে যায়।আদিবাসীরা অভিযোগ করে, উপজেলার কর্মধা ইউনিয়নের এই পানপুঞ্জির মূল্যবান গাছের প্রতি অনেকের দৃষ্টি পড়েছে। বন বিভাগ পানপুঞ্জির জায়গা দখলের জন্য স্থানীয় লোকদের উসকানি দিচ্ছে।বন বিভাগ পাল্টা অভিযোগ করে বলছে, আদিবাসীরা এখানে জবরদখল করে আছে। আদিবাসীদের উচ্ছেদে কাউকে উসকানি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বন কর্মকর্তা। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, সেগুনটিলা পানপুঞ্জির জমি নিয়ে বিরোধ আছে। বন বিভাগ ও আদিবাসী দুই পক্ষই জায়গাটা নিজেদের বলে দাবি করছে। ওসি বলেন, ‘ঘটনাস্থলে গিয়েছিলাম। বন বিভাগকে বলেছি, বনের জায়গা থাকলে সবার সঙ্গে আলাপ-আলোচনা করে সেখানে যাওয়ার জন্য। বিষয়টি স্পর্শকাতর।’আদিবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বন বিভাগের জায়গা দখলের অভিযোগ এনে গত ১৭ জানুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে পানপুঞ্জির মান্ত্রীর (পুঞ্জিপ্রধান) বাবা চার্লি সুরং (৬০), মান্ত্রীর ভাই বেশ লানং (১৯) ও প্রবেশ লানংকে (১৫) ধরে নিয়ে যায় বন বিভাগের লোকজন। এ সময় পুঞ্জির প্রায় ২০০ পানগাছসহ বিভিন্ন জাতের গাছ কেটে ফেলা হয়। এতে পানপুঞ্জির প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে আদিবাসীরা দাবি করে। জানা যায়, ৩০-৩৫ বছর আগে সেগুনটিলা পানপুঞ্জি গড়ে ওঠে। পুঞ্জির মান্ত্রীর পূর্বপুরুষেরা উপজেলার পৃথিমপাশার জমিদারদের কাছ থেকে খাজনা দেওয়ার বিনিময়ে ৯৬ একর জায়গা বন্দোবস্ত নিয়েছিলেন। সেই জায়গাতেই পানপুঞ্জি গড়ে তোলা হয়। এর পর থেকে তাঁরা এখানে আছেন। বর্তমানে এখানে ১০টি খাসিয়া পরিবার রয়েছে। ২০০৭ সালে জমিদারের উত্তরাধিকারীদের পক্ষ থেকে সেগুনটিলার স্বত্ব দাবি করা হয়। পরে আদিবাসী নেতাদের উপস্থিতিতে তা আপস-মীমাংসা হয়। তবে পানপুঞ্জিটি নিয়ে বন বিভাগের সঙ্গে পুঞ্জির মান্ত্রীর একটি স্বত্ব মামলা রয়েছে (মামলা নং ৫১/২০০৮)। মান্ত্রী জানান, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালত উভয় পক্ষকে কোনো ধরনের দখল-বেদখল থেকে বিরত থাকার নির্দেশ দেন। পুঞ্জির মান্ত্রী এমিল রয় লানং (এমিল খাসিয়া) গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘আমরা এখন আতঙ্কিত। সব সময় ভয়ের মধ্যে থাকি। বন বিভাগের রেঞ্জার এসে স্থানীয় লোকদের পানপুঞ্জির জায়গা দখলের জন্য উসকানি দিচ্ছে। এখানে অনেক মূল্যবান গাছ আছে। আমাদের উচ্ছেদ করলে এগুলো তারা কেটে ফেলতে পারবে।’ বন বিভাগ কুলাউড়া রেঞ্জের কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, ‘এরা (আদিবাসীরা) সেগুনটিলায় জবরদখল করে আছে। আমরা তাদের বলেছি, তোমাদের যতটুকু আছে, তোমরা সেখানেই থাকো। কিন্তু তারা তা বাড়ানোর চেষ্টা করে। আর এতেই সমস্যা হচ্ছে।’রেঞ্জ কর্মকর্তা আদিবাসীদের উচ্ছেদের জন্য স্থানীয় লোকজনকে উসকানি দেওয়ার কথা অস্বীকার করে বলেন, আদিবাসীদের সঙ্গে তাঁর ব্যক্তিগত কোনো শত্রুতা নেই।