সেচ ও পরীক্ষার সময় ভোলায় ‘বিদ্যুৎ নেই’
ভোলায় বোরো ধানখেতে চাষের কাজ শেষ, রোপণের উপযুক্ত হয়ে গেছে ধানের চারা। কিন্তু বিদ্যুতের অভাবে খেতে সেচ দিতে পারছেন না কৃষক। বন্ধ আছে পাঁচ শতাধিক কারখানা। এসএসসি পরীক্ষার্থীরা মোমের আলোয় পড়াশোনা করছে। পুরো জেলায় ২২ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা আছে, মিলছে ৩ মেগাওয়াট, তাও লো-ভোল্টেজ। নয় দিন ধরে পুরো জেলায় এ অবস্থা চলছে।এসএসসি পরীক্ষার্থী সুমাইয়া আক্তার, রমিজ উদ্দিন, আসমা, ফরিদা নূপুর, আবদুল্লাহসহ অনেক শিক্ষার্থী বলে, ‘বিদ্যুতের অভাবে রাতে পড়তে পারছি না।’ ভোলার হেলিপ্যাড সড়কের বাসিন্দা ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আরমের ভাষ্য, ঘন ঘন লোডশেডিং ও লো-ভোল্টেজে জনজীবন বিপর্যস্ত, গোসলের পানি নেই। আলীয়া মাদ্রাসা সড়কের বাসিন্দা আবুল হোসেন জানান, লো-ভোল্টেজে রেফ্রিজারেটর, কম্পিউটার বিকল হচ্ছে।ভোলা নাগরিক কমিটির সদস্য সচিব এস এম বাহাউদ্দিনের ভাষ্য, বিদ্যুৎ বিভাগ ও প্রশাসনের কোনো দায়বোধ নেই। সেচ ও পরীক্ষার সময়ই বিদ্যুৎ উৎপাদনের সব কেন্দ্র ও জাতীয় গ্রিড বিকল। সদর উপজেলার পশ্চিম ইলিশা সদুরচরের কৃষক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘গেছে ২০-২২ দিন খেত চইষ্যা থুইছি। এহোন পানির লাইগ্যা ধান রুইতাম (রোপণ) পারি না। পাম্প চলে না কারেন্টের লাইগ্যা।’ ভোলা জেলা ‘স’ মিল (করাতকল) মালিক সমিতির সাধারণ সম্পাদক আসমত আলী হাওলাদার জানান, বিদ্যুতের লো-ভোল্টেজ আর লোডশেডিংয়ের কারণে ভোলার ৪০০ করাতকল বন্ধ আছে।ভোলা বরফকল মালিক সমিতির সদস্য নাছির উদ্দিন জানান, বিদ্যুতের কারণে ভোলার অর্ধশতাধিক বরফকল বন্ধ রয়েছে। মৎস্য ব্যবসায়ীরা বরিশাল ও পটুয়াখালী থেকে ৫০০ থেকে ৬০০ টাকা ক্যান দরে বরফ এনে মাছে দিচ্ছেন।পশ্চিমাঞ্চলীয় বিদ্যুৎ বিতরণ সংস্থা (ওজোপাডিকো) ভোলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আলী প্রথম আলোকে বলেন, ‘ভোলার গ্যাসচালিত সাড়ে ৩৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র, ছয় মেগাওয়াট ডিজেলচালিত বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র বিকল হয়ে আছে। বরিশালের সঙ্গে ভোলার জাতীয় গ্রিড লাইনের কেব্লও বিকল আছে। আমরা শুধু পটুয়াখালী উপ-গ্রিডের আওতায় ৩৩ কেভি লাইন দিয়ে তিন থেকে চার মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছি, যা অনেক দূর থেকে আসার কারণে লো-ভোল্টেজ থাকে। এই তিন থেকে চার মেগাওয়াট বিদ্যুৎ জেলার ৫০ হাজারের অধিক গ্রাহককে ভাগ করে দিতে গিয়ে বারবার লোডশেডিং হচ্ছে।’কৃষি সম্প্রসারণ বিভাগ ভোলার উপপরিচালক শান্তি রঞ্জন মণ্ডল জানান, ভোলায় প্রতিবছর ৭০ থেকে ৭৫ হাজার হেক্টরে বোরো আবাদ হয়। পাঁচ হাজারের ওপরে পাম্প বসে। গত জানুয়ারির প্রথম দিকে কৃষক বোরোখেত তৈরি করেও সেচের অভাবে চারা রোপণ করতে পারছেন না। সাড়ে ৩৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান ভেঞ্চার এনার্জি রিসোর্স লিমিটেডের সহকারী ব্যবস্থাপক হাফিজুর রহমান গত শুক্রবার প্রথম আলোকে জানান, যান্ত্রিক সংস্কারের জন্য এক সপ্তাহ বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখা হয়েছে। একটু বেশি সময় যাচ্ছে। তিনি বলেন, ‘আশা করি, আগামী রোববার নাগাদ আবার বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।’ কিন্তু গতকাল সোমবার দুপুর পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনে যেতে পারেনি প্রতিষ্ঠানটি।