সেচ ও হালচাষে জোট করে অতিরিক্ত ভাড়া আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় চলতি বোরো মৌসুমে খেতে হালচাষ ও সেচ দেওয়ার জন্য কলের লাঙল (ট্রাক্টর) ও সেচযন্ত্র-মালিকেরা জোট করে ভাড়া নির্ধারণ করেছেন বলে অভিযোগ উঠেছে। ফলে বোরোচাষিরা ট্রাক্টর ও সেচ-মালিকদের বেঁধে দেওয়া ভাড়ায় চাষ করতে বাধ্য হচ্ছেন। এতে উত্পাদন খরচ অনেক বেড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক। উপজেলা কৃষি কার্যালয় ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ২১ হাজার হেক্টর জমিতে বোরো চাষ করা হচ্ছে। ইতিমধ্যে উপজেলার ৯৫ ভাগ জমিতে বোরো রোপণ করা হয়েছে। বাজারে সার, কীটনাশকের মূল্যবৃদ্ধি ও কৃষিশ্রমিকের মজুরি বৃদ্ধিতে হাঁপিয়ে উঠেছেন চাষিরা। নানা সমস্যা মোকাবিলা করে তাঁরা বোরো রোপণ করছেন। এত কিছুর পর নতুন সমস্যা দেখা হিসেবে দিয়েছে জমি চাষের জন্য ট্রাক্টরের ভাড়া ও সেচের খরচ বৃদ্ধি।কৃষকেরা অভিযোগ করেন, উপজেলার গভীর ও অগভীর নলকূপ ও ট্রাক্টর-মালিকেরা আলাদা জোট করে ভাড়া বাড়িয়েছেন। গত বছর এক বিঘা জমিতে (৩৩ শতাংশ) সেচ দিতে ৭০০ টাকা খরচ হয়েছে। এবার একই পরিমাণ জমিতে সেচ বাবদ নেওয়া হচ্ছে এক হাজার টাকা। আর ট্রাক্টর দিয়ে চাষ দিতে গত বছর যেখানে বিঘাপ্রতি ৬০০ টাকা খরচ পড়েছে, এবার সেখানে নেওয়া হচ্ছে ৮০০ টাকা। এতে কৃষকদের এক একর জমিতে বোরো উত্পাদনে অতিরিক্ত দেড় হাজার টাকা খরচ হচ্ছে। কৃষকেরা অভিযোগ করেন, এলাকার ট্রাক্টর ও সেচযন্ত্রের মালিকেরা জোটবদ্ধ হয়ে এই দর নির্ধারণ করেছেন। তাঁরা এলাকা ভাগ করে এ কাজ করছেন। ফলে কৃষকদের এ ক্ষেত্রে আর বলার কিছু থাকে না।দামগাড়া গ্রামের চাষি নজরুল ইসলাম বলেন, ‘আমি এবার চার বিঘা জমিতে বোরো ধানের চাষ করছি। হালচাষে প্রতি বিঘায় ৮০০ টাকা দিতে হয়েছে। আর সেচের জন্য দিতে হবে বিঘাপ্রতি এক হাজার টাকা।’ মাঝিহট্ট গ্রামের ট্রাক্টর-মালিক একরাম হোসেন বলেন, ‘এবার গতবারের চেয়ে দর একটু বেশি, এটা ঠিক। ট্রাক্টর ভাড়া নির্ধারণ করা হয় ডিজেলের খরচ, রক্ষণাবেক্ষণ ও চালকের মজুরির ওপর। গতবার আমাদের এসবের পেছনে এবারের চেয়ে কম টাকা খরচ হয়েছিল।’ ছাতুয়া গ্রামের সেচযন্ত্র-মালিক জাহেদুল ইসলাম বলেন, ‘গত বছর বিদ্যুত্, ডিজেলসহ অন্যান্য খরচ কম ছিল। এবার আনুষঙ্গিক খরচ বেড়ে যাওয়ায় দর বাড়াতে হয়েছে। এক হাজার টাকার নিচে সেচ দিলে আমাদের পোষাবে না।’ উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা এজাজ কামাল বলেন, ‘ট্রাক্টর দিয়ে চাষ ও খেতে সেচ দিতে চাষিদের অতিরিক্ত টাকা ব্যয় হচ্ছে, এটা ঠিক। তবে এ কারণে কোনো জমি চাষের অভাবে খালি পড়ে থাকবে বলে মনে করি না।’