সেচ খালের পানিতে তলিয়ে গেছে ৫০০ বিঘা ধানখেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের জোড়গাছা গ্রামে গঙ্গা-কপোতাক্ষ (জি কে) সেচ খালের পানি ঢুকে তলিয়ে যাওয়া ধানখেত। ছবিটি গতকাল তোলা  প্রথম আলো
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের জোড়গাছা গ্রামে গঙ্গা-কপোতাক্ষ (জি কে) সেচ খালের পানি ঢুকে তলিয়ে যাওয়া ধানখেত। ছবিটি গতকাল তোলা প্রথম আলো

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের জোড়গাছা গ্রামে গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ খালের পানিতে প্রায় ৫০০ বিঘা জমির ধানখেত তলিয়ে গেছে। খালের পাড় উপচে জোড়গাছা গ্রামের লোকালয়ে পানি ঢুকে পড়লে ভুক্তভোগীরা রোববার খালটির এক পাড় কেটে দেন। এতে পানি ঢুকে বিস্তীর্ণ এলাকার ধানখেত তলিয়ে যায়।
গতকাল সোমবার জোড়গাছায় সরেজমিনে দেখা গেছে, গ্রামটির ভেতর দিয়ে চলে যাওয়া জিকে খালের উত্তর দিকের পাড় প্রায় ছয় ফুট অংশ কাটা। সেখান দিয়ে খালের পানি ঢুকছে। কাটা জায়গাটি মেরামত করতে কয়েকজন গ্রামবাসীকে চেষ্টা করতেও দেখা গেল।
একটু সামনে এগিয়ে দুই পাশে দেখা যায়, মাঠের পর মাঠ ধানখেত পানিতে তলিয়ে গেছে। সেখানে কথা হয় কৃষক জাকারিয়া আলমের সঙ্গে। তিনি জানান, এবার মোট পাঁচ বিঘা বোরো ধান আবাদ করেছেন। যার মধ্যে সাড়ে তিন বিঘা জমির ধান তলিয়ে গেছে। এ ছাড়া, কৃষক ওসমান গণির তিন বিঘা, ইজাজুল হকের পাঁচ বিঘা, আবদুল লতিফের দুই বিঘা, মজিবর রহমানের ১৫ কাঠাসহ তিন শতাধিক কৃষকের ধানখেত তলিয়ে গেছে।
জানা গেছে, রোববার সকালে খালে পানির প্রবাহ বেড়ে যাওয়ায় তা পাড় উপচে এলাকার অন্তত ২৫টি বাড়িতে ঢুকে পড়ে। এতে ক্ষতির হাত থেকে রক্ষা পেতে আজিবার রহমান, আইনুদ্দিন, আউয়াল মণ্ডল, সাইদুর রহমান, শাহার আলী, আনোয়ার হোসেনসহ ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা নিজেদের বাড়িঘর রক্ষা করতে খালের বিপরীত পাড় কেটে দেন। এরপর একের পর এক ধানখেত তলাতে থাকে। স্থানীয় ইউপি সদস্য মিশর আলী জানান, খালের সংযোগস্থলের দ্বিতীয় স্লুইসগেটের কপাটটি দুই বছর আগে চুরি হলেও পানি উন্নয়ন বোর্ড আর কপাট লাগায়নি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ রাসেলের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী মো. রোকনুজ্জামান বলেন, ‘আবাসিক এলাকায় পানি প্রবেশ ও ধানখেত তলিয়ে যাওয়ার বিষয়টি কেউ জানাননি। খোঁজ নিয়ে দেখছি। তবে, পাড় উপচে পানি ঢোকার অভিযোগ ঠিক নয়।’