সেচ দিয়ে আমন আবাদ
আগের মৌসুমগুলোতে ধানের দাম কম পাওয়ায় উৎপাদন খরচ তুলতে পারেননি ঠাকুরগাঁওয়ের কৃষকেরা। অনেক আশা নিয়ে তাঁরা এবার আমন চাষ করেছেন। কিন্তু বর্ষা মৌসুমে স্বাভাবিক বৃষ্টি না হওয়ায় কৃষকদের সেচযন্ত্র দিয়ে খেতে সেচ দিতে হচ্ছে। ফলে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে।তা ছাড়া পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় আমনখেতে আগাছা বৃদ্ধিসহ পোকার আক্রমণ বাড়ার আশঙ্কা করছেন কৃষকেরা। এতে ফলন কম হওয়ারও আশঙ্কা রয়েছে। সে অনুযায়ী ধানের দাম পাবেন কি না, তা নিয়ে কৃষকেরা চিন্তিত।ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা যায়, জেলায় এবার এক লাখ ২৫ হাজার ৯৩৭ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে লক্ষ্যমাত্রার পুরোটাই অর্জিত হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আমনের চারা রোপণের কাজ চলবে। বর্ষা মৌসুমের বৃষ্টির ওপর নির্ভর করেই সাধারণত আমনের চাষ হয়ে থাকে। কিন্তু এবারের বর্ষায় স্বাভাবিক বৃষ্টিপাত হয়নি। চলতি আগস্টে বৃষ্টি হয়েছে মাত্র ১২৭ মিলিমিটার। গত বছর যেখানে বৃষ্টির পরিমাণ ছিল ৫৩৫ মিলিমিটার।ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা গ্রামের কৃষক সলেমান আলী জানান, দিন দিন বিদ্যুৎ, ডিজেল, সার, কীটনাশকসহ বিভিন্ন কৃষি উপকরণের দাম বেড়েই চলছে। ফলে উৎপাদন খরচ বাড়লেও তাঁরা ধানের ন্যায্যমূল্য পাচ্ছেন না। তার ওপর এবার বর্ষাকালে বৃষ্টি না হওয়ায় আমনখেতে কৃষকদের সেচ দিতে হচ্ছে। ফলে উৎপাদন খরচ আরও বেড়ে যাচ্ছে। তিনি এবার আট বিঘা জমিতে আমন চাষ করেছেন। উৎপাদন খরচ তুলতে পারবেন কি না, সে ব্যাপারে তিনি চিন্তিত। বালিয়াডাঙ্গী উপজেলার মহেশমারী গ্রামের কৃষক মো. আলম জানান, এখন বাজারে সবচেয়ে ভালো মানের ধানের দাম মণপ্রতি ৫০০ টাকা। সেচ ছাড়া প্রতি বিঘায় আমন আবাদ করতে এখন প্রায় ছয় হাজার টাকা খরচ হয়। বৃষ্টি না হওয়ায় এবার সেচের পেছনে কৃষকদের বিঘাপ্রতি অতিরিক্ত এক থেকে দেড় হাজার টাকা খরচ করতে হচ্ছে। প্রতি বিঘায় গড়ে ধান হয় ১৮ মণ। সেই ধান বর্তমান বাজারদরের হিসাবে বিক্রি করলে কৃষকের হাতে তেমন কিছুই থাকবে না। তা ছাড়া বৃষ্টি না হওয়ায় ধানের ফলনও এবার কম হবে।ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বেলায়েত হোসেন বলেন, আমন মৌসুমে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় আমনখেতে কৃষকদের সেচ দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এ কারণে কৃষকদের উৎপাদন খরচ বেড়ে যাবে।