সেচ পাম্প থেকে ১০ বাড়িতে অবৈধ বিদ্যুৎ সংযোগ
রংপুরের পীরগাছা উপজেলার পশ্চিম মকরমপুর গ্রামে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) অধীনে গভীর নলকূপের সেচ পাম্পের লাইন থেকে ১০টি বসতবাড়িতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। পাম্পের অপারেটর (চালক) কাবিল মিয়া এই সংযোগ দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার সরেজমিনে দেখা গেছে, কাবিল মিয়া, আফাজ্জল হোসেন, মোহামঞ্চদ আলীসহ নলকূপের পাশের ১০টি বসতবাড়িতে বাঁশের খুঁটি দিয়ে বৈদ্যুতিক তার টানিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। মকরমপুর গ্রামের ইউনুছ আলী ও আবদুল মান্নান জানান, দুই বছর আগে এ অবৈধ সংযোগ দেওয়া হয়েছে। কাবিল মিয়া বলেন, বিএমডিএর সেচ পাম্প মেরামতকারী (মেকানিজ) তাজউদ্দীনের সঙ্গে কথা বলে এসব লাইন দেওয়া হয়েছে। এ জন্য গ্রাহকদের কাছ থেকে প্রতি মাসে ২০০ থেকে ৩০০ টাকা করে আদায় করা হয়। এ ব্যাপারে তাজউদ্দীনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। বিএমডিএ উপজেলার দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী মিজানুর রহমান বলেন, পশ্চিম মকরমপুর গভীর নলকূপের সেচ পাম্প থেকে এ ধরনের সংযোগ দেওয়ার কোনো অনুমতি কাউকে দেওয়া হয়নি। রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ পীরগাছার আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক ফিরোজ আল মোজাহিদ বলেন, এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।