সেচ বন্ধ, বদরগঞ্জে ৪০ একরের বোরো হুমকিতে
রংপুরের বদরগঞ্জ উপজেলার খিয়ারডাঙ্গা এলাকার গভীর নলকূপের ব্যবস্থাপক এক সপ্তাহের বেশি সময় ধরে সেচ বন্ধ রাখায় ৪০ একর জমির উঠতি বোরো ধান হুমকির মুখে পড়েছে৷ কৃষকদের কাছে কিছু টাকা পাওনা থাকায় তা আদায়ে ওই ব্যবস্থাপক উঠতি ফসলে সেচ দেওয়া বন্ধ করে দিয়েছেন বলে জানা গেছে৷
খোঁজ নিয়ে জানা যায়, পল্লী উন্নয়ন বোর্ডের অধীনে স্থানীয় কৃষকদের নিয়ে ২১ সদস্যবিশিষ্ট কমিটির মাধ্যমে উপজেলার জামালপুর গ্রামের খিয়ারডাঙ্গা এলাকার গভীর নলকূপটি পরিচালিত হয়৷ এ কমিটির সভাপতি হিসেবে এনায়েত হোসেন ও ব্যবস্থাপক হিসেবে মোজাহারুল ইসলাম দায়িত্ব পালন করছেন৷ মূলত ব্যবস্থাপকই নলকূপটি পরিচালনা করে থাকেন৷ প্রতি বিঘায় তিন হাজার টাকা চুক্তিতে আবাদ ঘরে না ওঠা পর্যন্ত কৃষকদের খেতে সেচ দেওয়ার শর্তে এ নলকূপ চলে৷
খিয়ারডাঙ্গার কৃষকেরা অভিযোগ করেন, ওই গভীর নলকূপের আওতায় এবার ৪০ একর জমিতে বিআর-১৫ ও ১৬ জাতের বোরো ধান লাগানো হয়৷ এখন ধান গাছে শীষ বের হচ্ছে৷ এ সময় খেতে পানি থাকা জরুরি৷ কিন্তু ৮ মে থেকে গভীর নলকূপটি বন্ধ রাখা হয়েছে৷
কৃষকেরা জানান, এবার এমনিতেই খরা৷ বৃষ্টির দেখা নেই৷ এ রকম দাবদাহের সময়ও ব্যবস্থাপকের নিষ্ঠুরতায় সেচ দিতে না পেরে আবাদ নষ্ট হতে চলেছে তাঁদের৷
কৃষক লাবু মিয়া আক্ষেপ করে বলেন, ‘আট দিন থাকি ধানোত পানি নাই৷ রোইদোত ধান নষ্ট হয়া যাওচে৷ ডিপের (গভীর নলকূপ) মেনাজার কওচে আর পানি দেওয়া যাবার নেয়।’
কৃষক নুরন্নবী বলেন, ‘দুই বিগা আবাদ করচি। পানির অভাবোত ধান মরি গেইলে হামরাও মরমো।’
মোজাহারুল ইসলাম বলেন, ‘কৃষকদের কাছে আগে দেওয়া সেচের অনেক টাকা অনাদায়ি রয়েছে৷ তাঁরা টাকা পরিশোধ করলেই নলকূপ চালু করব৷’
কমিটির সভাপতি এনায়েত হোসেন বলেন, ‘ব্যবস্থাপক একক সিদ্ধান্তে সেচ বন্ধ রেখেছেন৷’ তিনি আরও জানান, বিষয়টি কৃষকেরা গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী (সেচ) এবং উপজেলা চেয়ারম্যানকে লিখিতভাবে জানিয়েছেন৷
উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কনক চন্দ্র রায় বলেন, ‘অভিযোগ পাওয়ার পর ওই এলাকা পরিদর্শন করে কৃষকদের অভিযোগের সত্যতা পাওয়া গেছে৷ ওই ব্যবস্থাপককে দ্রুত জমিতে সেচ দেওয়ার উদ্যোগ নিতে নির্দেশ দেওয়া হয়েছে৷’
তবে খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল শুক্রবার পর্যন্ত ওই ব্যবস্থাপক নলকূপ চালু করেননি৷
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, কৃষকদের অভিযোগটি অত্যন্ত গুরুতর৷ দ্রুত ব্যবস্থা নিতে কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে৷