ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি সেচ পাম্প থেকে পল্লী বিদ্যুতের মিটার চুরি হওয়ায় সেচের অভাবে প্রায় ৮০ একর জমির বোরো ধান নষ্ট হতে চলেছে। এদিকে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে পাম্পের লোকজনের পাল্টাপাল্টি মামলা থাকায় মিটারের জন্য আবেদনও করতে ভয় পাচ্ছে পাম্পের লোকজন। এ অবস্থায় ২০ মার্চ ভুক্তোভোগী চাষিরা বিদ্যুৎতের দাবিতে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ করেন।
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, উপজেলার বড়হিত ইউনিয়নের পাইকুড়া গ্রামের সেচ পাম্প থেকে ১৭ মার্চ রাতে পল্লী বিদ্যুতের মিটারটি চুরি হয়। পাম্পটির অধীনে ওই গ্রামসহ আশপাশে প্রায় ৮০ একর জমিতে চলতি মৌসুমে বোরো ধান আবাদ করা হয়েছে। চুরির পরদিন ১৮ মার্চ ঈশ্বরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন সেচ পাম্পের ব্যবস্থাপক জয়নাল আবেদীন। কিন্তু মিটারের অভাবে পাম্প দিয়ে বিদ্যুতের সাহায্যে পানি তোলা যাচ্ছে না। ফলে ওই জমিতে গত ১০ দিন ধরে সেচ বন্ধ রয়েছে। এ অবস্থায় ১৯ মার্চ পাম্পের লোকজনসহ চাষিরা নতুন মিটারের জন্য স্থানীয় পল্লী বিদ্যুৎ কার্যালয়ে আবেদন করতে যান। তাঁদের আবেদন গ্রহণ না করে ময়মনসিংহ কার্যালয়ে যেতে বলা হয়। নিরুপায় হয়ে চাষিরা ২০ মার্চ দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তার কাছে বিদ্যুতের দাবি জানিয়ে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ করেন।
এদিকে পাম্পের ব্যবস্থাপক জয়নাল আবেদীন বলেন, গত ১২ ফেব্রুয়ারি ভুল বোঝাবুঝিতে গ্রামবাসী চোর সন্দেহে বিদ্যুৎ কার্যালয়ের কয়েকজনকে মারধর করে আটকে রাখেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তিনটি মামলা হয়।
জয়নাল আবেদীন বলেন, মিটারের জন্য স্থানীয় বিদ্যুৎ কার্যালয়ে গেলে সেখানকার লোকজন ময়মনসিংহ কার্যালয়ে যেতে বলেন। কিন্তু মামলা থাকায় ভয়ে তারা ময়মনসিংহে যেতে পারছেন না।
ক্ষুব্ধ কৃষক তারা মিয়া ফকির ও নাজিম উদ্দিন বলেন, ‘বিদ্যুতের জন্য জমিতে সেচ দিতে পারছি না। ধানের চারা এক হাতের মতো লম্বা হয়েছে এখন নষ্ট হলে পরিবার নিয়ে পথে বসতে হবে।’
উপজেলা কৃষি কর্মকর্তা রহিমা খাতুন বলেন, ১৯ মার্চ বিকেলে ওই এলাকা পরিদর্শন করা হয়েছে। সেচের অভাবে চাষিদের ফসল নষ্ট হওয়ার পথে। অবিলম্বে বিদ্যুতের ব্যবস্থা করা না হলে কৃষকের অনেক ক্ষতি হবে।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর মহাব্যবস্থাপক রেজাউল করিম জানান, গ্রাহক যথাযথ নিয়মে আবেদন করলেই মিটার লাগিয়ে বিদ্যুতের সংযোগ দেওয়া হবে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি কামরুল ইসলাম বলেন, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ মামলা করলেও দায়ী না হলে সেচ পাম্পের লোকজনকে গ্রেপ্তার করা হবে না।