সেচ মৌসুমে ডিজেল পরিবহন নিয়ে শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি সেচ মৌসুমে সারা দেশে ১৭ লাখ টন ডিজেল সরবরাহ করবে বাংলাদেশ পেট্রলিয়াম করপোরেশন (বিপিসি)। সেচের জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে রেলের ওয়াগনসংকট ও নদীর নাব্যতা কম থাকায় তেল পরিবহন কতটুকু সফল হবে, তা নিয়ে শঙ্কা রয়েছে। সেচ মৌসুমে তেল সরবরাহ স্বাভাবিক রাখতে আজ বুধবার জ্বালানি মন্ত্রণালয়ে এই বিষয়ে একটি আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিপিসি সূত্রে জানা গেছে, ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত বোরোর সেচ মৌসুমে উত্তরাঞ্চলের ১৬ জেলায় ডিজেলের চাহিদা প্রায় পাঁচ গুণ বেড়ে যায়। গত সেচ মৌসুমের তুলনায় উত্তরাঞ্চলে এবার ৫৪ হাজার টন বেশি ডিজেল প্রয়োজন হবে বলে ধারণা করা হচ্ছে। এই সেচ মৌসুমে সাড়ে ১৭ লাখ টন ডিজেল আমদানির পরিকল্পনা করেছে বিপিসি। এ ছাড়া রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতেও প্রায় দুই লাখ টন ডিজেল উৎপাদন করা হবে।
বিপিসি জানিয়েছে, বোরো মৌসুমে উত্তরাঞ্চলে তেল সরবরাহ করা হয় নৌ ও রেলপথে। রেলের ওয়াগন ঘাটতিতে চলতি মৌসুমের শুরুতেই সিলেট ও শ্রীমঙ্গলে জ্বালানি তেলে সংকট তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। ২২ ডিসেম্বর ওয়াগন ও র্যাকার সংখ্যা বাড়ানোর জন্য রেলওয়ে পূর্বাঞ্চলকে চিঠি দিয়েছে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, চাহিদার তুলনায় ওয়াগন প্রাপ্তির সংখ্যা অপ্রতুল হওয়ায় সিলেট ও শ্রীমঙ্গল ডিপোতে জ্বালানি তেলের মজুত সর্বনিম্ন পর্যায়ে চলে এসেছে। এ দুটি অঞ্চলে তেল সরবরাহ রেলপথের ওপর নির্ভরশীল। এ সময় ডিজেলসংকট দেখা দিলে বোরো চাষে বিরূপ প্রভাব পড়বে।
তেল বিপণন কোম্পানি সূত্রে জানা গেছে, প্রতিবছরই চাহিদার অর্ধেক ওয়াগন সরবরাহ করতে পারে রেলওয়ে কর্তৃপক্ষ। গত বছর ডিজেল পরিবহনের জন্য তিনটি তেল কোম্পানির ১২ হাজার ৯৫২ ওয়াগনের চাহিদার বিপরীতে পাওয়া গেছে মাত্র ৬ হাজার ৫৪৪টি ওয়াগন। এ বছর ওয়াগনের চাহিদা আরও বাড়বে।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. মোজাম্মেল হক বলেন, রেলের অভ্যন্তরীণ সমস্যাগুলোর সমাধান হয়েছে। এবার তেল পরিবহনে কোনো সংকট তৈরি হবে না।
বিপিসি সূত্র আরও জানিয়েছে, ঢাকা-বাঘাবাড়ী নৌপথে নাব্যতাসংকটের কারণে যাতে তেলবাহী ট্যাংকারগুলো চরে আটকা না পড়ে, সে কারণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) নদী খননের অনুরোধ জানানো হবে। এ ছাড়া আপৎকালীন ব্যবস্থা হিসেবে পাবনার কাজীরহাটে অথবা সুবিধাজনক স্থানে পন্টুন জেটি স্থাপনের বিষয়টি বলা হবে।
বিপিসির চেয়ারম্যান ইউনুসুর রহমান প্রথম আলোকে বলেন, ‘তেলের মজুত নিয়ে কোনো ধরনের সংকট তৈরির আশঙ্কা নেই। তবে নাব্যতা ও ওয়াগনসংকটের একটা আশঙ্কা থাকে। আগামীকালের (বুধবার) বৈঠকে আমরা এ বিষয়গুলো তুলে ধরে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাইব।’