সেচ মৌসুম শুরুর আগে ট্রান্সফরমার চুরির হিড়িক
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় গত এক সপ্তাহে বিদ্যুতের ১৫টি ট্রান্সফরমার ও পল্লী বিদ্যুতের এক হাজার ২০০ মিটার তার চুরি গেছে। সেচমালিকেরা রাত জেগে পাহারা দিয়েও চুরি ঠেকাতে পারছেন না।সেচ মৌসুম শুরুর আগে গণহারে ট্রান্সফরমার চুরির ঘটনায় সেচমালিকেরা দিশেহারা হয়ে পড়েছেন। গত তিন বছরে এ উপজেলায় ১০০টির মতো ট্রান্সফরমার চুরি গেছে বলে স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন।এক সপ্তাহে উলিপুর পৌরসভার রায়পাড়া গ্রামের চন্দ্রজিৎ রায়ের তিনটি, সদুু চন্দ্রের একটি, তীর্থ রায়ের একটি, পূর্ব শিববাড়ী গ্রামের আতাউর রহমানের একটি, পশ্চিম শিববাড়ী গ্রামের আবদুল ওহাবের একটিসহ মোট ১৫টি ট্রান্সফরমার চুরি গেছে।উলিপুর পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্চলিক কার্যালয় সূত্র জানায়, চুরি যাওয়া ট্রান্সফরমার পুনঃস্থাপনে পাঁচ কেভির জন্য ৩৫ হাজার, ১০ কেভির জন্য ৫৩ হাজার ও ১৫ কেভির জন্য ৬৮ হাজার টাকা জমা দিয়ে কৃষকদের ট্রান্সফরমারের জন্য আবেদন করতে হয়। স্থানীয় কৃষক সদু চন্দ্র জানান, ট্রান্সফরমার পুনঃস্থাপনের জন্য একসঙ্গে বিপুল পরিমাণ টাকা দেওয়ার সামর্থ্য নেই। ফলে ভবিষ্যতে সেচকাজ বন্ধ রাখতে হবে।উলিপুর পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক তোফাজ্জল হোসেন জানান, ট্রান্সফরমার চুরি রোধে স্থানীয় থানায় অভিযোগ করা হয়েছে। এ ছাড়া পৌরসভাসহ ১৩টি ইউনিয়নে জনসচেতনতা বাড়াতে মাইকিং করা হচ্ছে।উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নাসির উদ্দিন জনান, ট্রান্সফরমার চুরির ঘটনায় থানায় জিডি (সাধারণ ডায়েরি) হয়েছে। সংঘবদ্ধ চোরদের ধরতে বিভিন্ন এলাকায় পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।