সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ: প্রতিমন্ত্রী
সেচ মৌসুমে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় গ্যাস ও জ্বালানি তেল সরবরাহের নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা বিষয়ে আন্তমন্ত্রণালয় সভায় এ নির্দেশনা দেন নসরুল হামিদ। আজ রোববার অনলাইনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নসরুল হামিদ বলেন, সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। বিদ্যুৎ বিভাগ, জ্বালানি বিভাগ ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার মধ্যে সমন্বয় বাড়াতে হবে। সুষ্ঠুভাবে লোড ব্যবস্থাপনা করা হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, বিদ্যুতের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সেচ মৌসুমে এ চাহিদা আরও বাড়ে। চাহিদা যতই বাড়ুক, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চাহিদামতো গ্যাস ও জ্বালানি তেল সরবরাহ করতে হবে।
বিদ্যুৎ বিভাগ জানায়, প্রতিবছর ফেব্রুয়ারি থেকে সেচ মৌসুম শুরু হয়, যা ৩১ মে পর্যন্ত চালু থাকে। এ সময় বিদ্যুতের চাহিদা বাড়ে। গত সেচ মৌসুমে মে মাসে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ১৪ হাজার ৯৭ মেগাওয়াট। আগের বছর ২০২০ সালে ছিল ১১ হাজার ৯৭৭ মেগাওয়াট। এবারের সেচ মৌসুমে বিদ্যুতের সম্ভাব্য চাহিদা ১৫ হাজার ৫০০ মেগাওয়াট ধরা হয়েছে।
এদিকে সেচের মৌসুমে গ্যাসের সম্ভাব্য সর্বোচ্চ চাহিদা দিনে ১৬০ কোটি ঘনফুট এবং ফার্নেস তেল সর্বোচ্চ ৭ লাখ ৫ হাজার মেট্রিক টন ও ডিজেলের সম্ভাব্য সর্বোচ্চ চাহিদা ৩০ হাজার ৭০০ মেট্রিক টন হবে বলে জ্বালানি বিভাগ জানিয়েছে।
প্রাকৃতিক গ্যাস ও জ্বালানি তেল সরবরাহে যুক্ত প্রতিষ্ঠান বিপিসি, পেট্রোবাংলা, জননিরাপত্তা বিভাগ, জ্বালানি বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বিআইডব্লিউটিসি সভায় নিজেদের গৃহীত পদক্ষেপ তুলে ধরে।
সভায় বিদ্যুৎসচিব মো. হাবিবুর রহমান, পিডিবির চেয়ারম্যান বেলায়েত হোসেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন, পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান ও পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন বক্তব্য দেন।