সেচ-সংকটে আড়াই হাজার একর জমির বোরো আবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীতে বাঁধ দিয়ে পানি তোলায় ভাটি এলাকায় সেচ-সংকটে পড়েছে প্রায় দুই হাজার ৫০০ একর জমির বোরো আবাদ। এলাকাবাসী সেচ-সুবিধা পেতে বাঁধ ভেঙে সপ্তাহে দু-তিন দিন পানি দেওয়ার দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন।
উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বেকিকুড়া গ্রামের কৃষক মোসলিম উদ্দিন (৪৫) বলেন, ‘ঋণ করে পাঁচ একর জমিতে বোরো আবাদ করছি। অহন পানির অভাবে খেত মরবার দশা। উজানে যদি দুই-তিন দিন পানি তোলা বন্ধ রাখত, তাইলে আমগর খেতগুলা বাঁচানো যাইত।’ নন্নী ইউনিয়নের উত্তরবন্ধ গ্রামের কৃষক আবু সাঈদ (৪২) জানান, এ এলাকার মানুষ কৃষির ওপর নির্ভরশীল। কিন্তু নদীতে পানি না থাকায় খেতে ধানের গাছ মরে যাচ্ছে। পানির ব্যবস্থা করা না গেলে না খেয়ে মরতে হবে।
নালিতাবাড়ীর ইউএনও মাহবুবা আইরীন জানান, তিনি কৃষকদের অভিযোগ পেয়েছেন। দুই পক্ষকে নিয়ে দ্রুত বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
কৃষি কার্যালয় ও এলাকাবাসী সূত্র জানায়, চেল্লাখালি নদীর বরুঙ্গা এলাকা থেকে নন্নীর উত্তরবন্ধ পর্যন্ত পাঁচ কিলোমিটার। উপজেলার সন্ন্যাসীভিটা এলাকায় চেল্লাখালী নদীর ওপর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জলকপাটের (স্লুইসগেট) মাধ্যমে তিনটি ইউনিয়নের প্রায় পাঁচ হাজার একর জমি সেচ-সুবিধার আওতায় ছিল। কিন্তু ২০১২ সালে পানির তোড়ে ওই জলকপাটটি ভেঙে যায়। এর ফলে প্রতিবছর বোরো মৌসুমে কৃষকেরা সেচ-সংকটে পড়েন। চলতি বোরো মৌসুমে সেচ-সুবিধা পেতে নদীতে পানি মজুত করার জন্য ২৫ ডিসেম্বর এলাকার কৃষকেরা নদীর নন্নীর উত্তরবন্ধ এলাকায় ৬০ হাজার টাকা ব্যয়ে বালুর বাঁধ দেন। কিন্তু এক সপ্তাহের ব্যবধানে পানির তোড়ে বাঁধটি ভেঙে যায়। ফলে নদীর পানি দ্রুত নেমে যায়। কিন্তু নদীর আড়াই কিলোমিটার উজানে ছোট ছোট বাঁধ দিয়ে ১৪টি পাম্পের মাধ্যমে পানি তোলা হচ্ছে। ফলে নদীর ভাটির আড়াই কিলোমিটার এখন পানিশূন্য হয়ে পড়েছে। এ এলাকার কৃষকেরা সেচ দিতে পারেননি।
গত বুধবার সরেজমিনে দেখা গেছে, উজানে ছোট ছোট বাঁধ দিয়ে ডিজেলচালিত ১১টি ও বিদ্যুৎচালিত তিনটি পাম্প বসিয়ে সেচ দেওয়া হচ্ছে। আর নদীর ভাটির আড়াই কিলোমিটারে পানি নেই। এ কারণে পোড়াগাঁও ইউনিয়নের বাতকুচি ও বেকিকুড়া, নন্নী ইউনিয়নের উত্তরবন্ধ, তাজুরাবাদ, অবয়পুর, কয়রাকুড়ি, কুতুবাকুড়া ও নিশ্চিন্তপুর গ্রামের প্রায় এক হাজার ২০০ কৃষকের আবাদ করা বিস্তীর্ণ জমির পানি শুকিয়ে গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহামঞ্চদ আলী বলেন, উজানের পাম্প মালিক ও ভাটির কৃষকদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হবে।