সেচ সুবিধা নেই, পাঁচ হাজার হেক্টর জমি অনাবাদি
বোরো মৌসুমে সেচ সুবিধা না থাকায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় প্রায় পাঁচ হাজার হেক্টর জমি প্রতিবছর অনাবাদি পড়ে থাকছে। জমিগুলো সেচের আওতায় আনা সম্ভব হলে এ উপজেলায় আরও প্রায় ২০ হাজার মেট্রিক টন ধান উৎপাদন করা সম্ভব হতো বলে কৃষি কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুর কার্যালয় সূত্রে জানায়, ঝিনাইগাতী উপজেলার সাতটি ইউনিয়নে মোট ২৩ হাজার ১০০ হেক্টর জমি আছে। এর মধ্যে আবাদযোগ্য জমির পরিমাণ ১৮ হাজার ২২০ হেক্টর। এসব জমির মধ্যে প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা আছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুর কার্যালয় সূত্রে জানা গেছে, ঝিনাইগাতী উপজেলার নলকুড়া, গৌরীপুর, কাংশা, ধানশাইল (আংশিক) ও ঝিনাইগাতী সদর ইউনিয়নের পাঁচ হাজার হেক্টর জমি বোরো মৌসুমে অনাবাদি থাকে। শুষ্ক মৌসুমে সেচ সুবিধা না থাকায় এসব এলাকার কৃষক এসব জমিতে বোরো আবাদ করতে পারেন না। আর বর্ষাকালে এসব জমিতে আমন আবাদ করাও ঝুঁকিপূর্ণ। কারণ প্রতিবছর একাধিকবার পাহাড়ি ঢল ও বন্যায় আমন ধানের খেত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নলকুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. খলিলুর রহমান বলেন, তাঁর ইউনিয়নে বোরো মৌসুমে প্রায় দুই হাজার একর জমি অনাবাদি পড়ে থাকে। তাঁর নিজেরই চার থেকে পাঁচ একর জমি পতিত আছে।বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থার ক্ষুদ্র সেচ বিভাগের শেরপুরের সহকারী প্রকৌশলী মো. ফেরদৌসুর রহমান বলেন, পাথরকণা মিশ্রিত থাকায় ঝিনাইগাতী উপজেলার পাঁচ হাজার হেক্টর জমিতে সাধারণ বা স্বাভাবিক মানের গভীর নলকূপ বা অগভীর নলকূপ স্থাপন করে ভূগর্ভস্থ পানি তোলা যাচ্ছে না। উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. সাদিকুর রহমান জানান, অনাবাদি পাঁচ হাজার হেক্টর জমি সেচের আওতায় এনে বোরো আবাদ করা হলে এ উপজেলায় আরও প্রায় ২০ হাজার মেট্রিক টন ধান উৎপাদন করা সম্ভব হবে।