সেচখালে পানি নেই অতিরিক্ত ব্যয়ে সেচ দিচ্ছেন কৃষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিস্তা সেচ প্রকল্পের এলাকাভুক্ত নীলফামারী জেলা সদরের তিনটি সেচখালে পানি না পেয়ে কৃষকেরা বিদ্যুত্ ও ডিজেলচালিত সেচপাম্প দিয়ে জমিতে সেচ দিতে বাধ্য হচ্ছেন। এতে কৃষকদের চার-পাঁচ গুণ অতিরিক্ত খরচ হচ্ছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের ওই প্রকল্পের আওতায় ১২টি সেচখাল আছে। এর মধ্যে রামগঞ্জ ও ইটাখোলা ইউনিয়নের তিনটি খালের এখনো ইজারা হয়নি। তাই এ খালগুলোতে পানি দেওয়া হয়নি। পানি উন্নয়ন বোর্ড বলছে, খালগুলোর ইজারা সম্পন্ন হলে কোনো সমস্যা থাকবে না।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, জেলায় এ বছর ৮০ হাজার ৩৫ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে তিস্তা সেচ প্রকল্পের আওতায় রয়েছে ২৪ হাজার হেক্টর জমি।কচুকাটা ইউনিয়নের দুহুলি গ্রামে গিয়ে দেখা গেছে, পানি উন্নয়ন বোর্ডের একটি শাখা খালের পাশে বিদ্যুত্-চালিত সেচপাম্পের মাধ্যমে সেচ দিচ্ছেন কৃষকেরা।দুহুলি মাগুরাপাড়া গ্রামের কৃষক সাইয়াদুল বলেন, দুহুলি গ্রামের সেচখালে দুই বছর ধরে পানি দেওয়া হয় না। সেচখালে পানি থাকলে তাঁদের সেচ বাবদ বিঘাপ্রতি খরচ হতো ২০০ টাকা। আর সেচখালে পানি না দেওয়ায় পাম্প দিয়ে সেচ দিতে তাঁদের খরচ পড়ছে বিঘাপ্রতি ৮০০ টাকা।ওই খালের উত্তরে প্রায় আধা কিলোমিটার দূরে গিয়ে দেখা গেছে, সেচখালের পাশের জমিতে সেচপাম্প দিয়ে ভূগর্ভস্থ পানি তুলে সেচ দেওয়া হচ্ছে। এ সময় রামনগর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের কৃষক ময়নুল ইসলাম বলেন, পানি উন্নয়ন বোর্ড দুই বছর ধরে সেচখালে পানি না দেওয়ায় বিদ্যুত্চালিত পাম্প দিয়ে সেচ দেওয়া হচ্ছে। চাঁদেরহাট গ্রামের পাশ দিয়ে যাওয়া সেচখালে পানি দেওয়া হয়েছে দিন চারেক আগে। ওই খালের সুবিধাভোগী কৃষক মমিনুর রহমান বলেন, ‘চার দিন আগে এ খালে পানি দেওয়া হয়েছে। তাই এবার আমাদের চারা রোপণ করতে অনেক দেরি হয়ে গেল।’ তিনি আরও বলেন, ‘আমি ১৫ বিঘা জমিতে বোরো চাষ করছি। কিন্তু বিলম্বের কারণে ফলন ৪০ শতাংশ কম হবে।’পানি উন্নয়ন বোর্ডের নীলফামারী বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী নূরুল ইসলাম বলেন, তিনটি শাখা খাল এখনো ইজারা হয়নি। ইজারা সম্পন্ন হলে সেচখালগুলোতে পানি দেওয়া হবে। তখন কৃষকদের সমস্যা থাকবে না।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নীলফামারীর উপসহকারী কৃষি কর্মকর্তা মহসীন রেজা বলেন, এ বছর পানি উন্নয়ন বোর্ড এখন পর্যন্ত অনেক শাখা খালে পানি দেয়নি। তবে কৃষকেরা পাম্পের সাহায্যে সেচ দিচ্ছেন। এতে কৃষকের খরচ বেশি পড়বে।