সেচখালের পাড় ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি
পাবনা সেচ প্রকল্পের একটি সেচখালের পাড় ভেঙে সাঁথিয়া উপজেলার হাসানপুর গ্রামের ১০টি পুকুরসহ অর্ধশতাধিক বিঘা ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। এ ছাড়া অন্তত ৫০টি পরিবারের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
সেচখালের পাড় ভাঙার পর থেকে এর আওতাভুক্ত এলাকায় পানি সরবরাহ বন্ধ রয়েছে।
এলাকাবাসী ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, বুধবার দিবাগত রাত একটার দিকে সাঁথিয়া উপজেলার হাসানপুর এলাকায় পাবনা সেচ প্রকল্পের আই-৩, এস-১৯ নামের সেচখালের বাঁধ পানির চাপে হঠাৎ ভেঙে পড়ে। ভেঙে যাওয়া অংশ দিয়ে প্রবল বেগে সেচখালের পানি মুহূর্তেই পাশের জনবসতি ও ফসলি জমিতে ঢুকে পড়ে। বাঁধের পাশে বসবাস করা অর্ধশতাধিক পরিবারের বসতবাড়িতে পানি ঢুকে পড়লে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অনেকেই শিশু ও গবাদিপশু নিয়ে নিরাপদ অবস্থানে চলে যায়। একপর্যায়ে পানিতে পাশের ফসলি জমি ও অন্তত ১০টি পুকুর তলিয়ে যায়। পানিতে অন্তত ৫০ বিঘা জমির পেঁয়াজ, পটোল, মরিচ, গম ইত্যাদি ফসল ক্ষতিগ্রস্ত হয়।
হাসানপুর গ্রামের কুলসুম বেগম জানান, গভীর রাতে হঠাৎ করে তিনি টের পান, দ্রুত বেগে ঘরে পানি ঢুকছে। পানির তোড়ে তাঁর বিছানা-বালিশ ভেসে যায়। উঠোনে বের হয়ে দেখেন, কোমর সমান পানি হয়ে গেছে।
একই গ্রামের আবদুর রহমান বলেন, বাঁধ ভেঙে গ্রামের ৫০ বিঘারও বেশি ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘদিন ধরে এই এলাকার বাঁধ দুর্বল হলেও পাউবোর কর্মকর্তারা মেরামতের উদ্যোগ নেননি।
পাউবোর পাবনা শাখার নির্বাহী প্রকৌশলী নূরুল ইসলাম বলেন, অনেক স্থানেই বাঁধ দুর্বল হয়ে পড়েছে। কিন্তু প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না পাওয়ায় দুর্বল অংশ সংস্কার করা যাচ্ছে না। দুর্বল হওয়ায় পানির চাপে ওই অংশের বাঁধ ভেঙেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভেঙে যাওয়া স্থানটি দ্রুত মেরামতের প্রক্রিয়া চলছে।