সেচখালের পানিতে ৫০০ বিঘা জমির ফসল নষ্ট
পাবনা সেচ প্রকল্পের একটি সেচখাল থেকে পানি বের হয়ে সাঁথিয়া উপজেলার চার গ্রামের প্রায় ৫০০ বিঘা ফসলি জমি পানিতে ডুবে গেছে। এতে এসব জমির পেঁয়াজ ও সদ্য রোপণ করা পাট, তিলসহ বিভিন্ন ফসল নষ্ট হয়ে গেছে। পানি বের হওয়া বন্ধ না হলে কয়েক দিনের মধ্যে আরও অন্তত দুই হাজার বিঘা ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় কৃষকেরা একাধিক স্থানে বাঁধ দিয়েও পানি আটকাতে পারছেন না।এলাকার কৃষকেরা জানান, সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের মধ্য দিয়ে এস-১৯, টি-৫, এম-১ নামের যে ক্ষুদ্র সেচখালটি চলে গেছে, এর বেশ কয়েকটি স্থান দিয়ে এক সপ্তাহ ধরে পানি বের হচ্ছে। এতে সেচখালের দুই-তিন কিলোমিটারের মধ্যে অবস্থিত চাঁদপুর, মিয়াপুর, চরভদ্রকোলা ও ভদ্রকোলা গ্রামের অন্তত ৫০০ বিঘা ফসলি জমি তলিয়ে গেছে। এসব জমির বেশির ভাগ অংশেই পেঁয়াজের আবাদ হয়েছিল। এ ছাড়া কিছু জমিতে আবাদ করা হয়েছিল পাট, তিল ও ঘাসের। কৃষকেরা জানান, জমি থেকে পেঁয়াজ তোলার প্রস্তুতি চলছিল। কিন্তু দ্রুত পানি এসে জমি তলিয়ে যাওয়ায় সেই পেঁয়াজ তোলা সম্ভব হয়নি। এ ছাড়া পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে বেশ কিছু জমির পাট ও তিলের চারা। জমি থেকে পানি দ্রুত নেমে না গেলে এ বছর ওই সব জমিতে আমনের চাষ করা যাবে না বলে কৃষকেরা জানিয়েছেন।রসুলপুর গ্রামে গিয়ে দেখা যায়, সেচখালের বেশ কয়েকটি স্থান দিয়ে চুইয়ে অথবা ছিদ্রপথে পানি বের হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সেচখালটি এ বছরেই পাকা করেছে। কিন্তু সঠিকভাবে কাজ না হওয়ায় চুইয়ে পানি বের হচ্ছে বলে এলাকার কৃষকেরা অভিযোগ করেন। এ ছাড়া ওই সেচখালের পাশে জমি রয়েছে এমন কোনো কোনো কৃষক অবৈধভাবে সেচখাল ছিদ্র করে অথবা পাইপের মাধ্যমে জমিতে পানি নিচ্ছেন। এতে একদিকে যেমন সেচখাল ক্ষতিগ্রস্ত হচ্ছে, আরেকদিকে পানির প্রয়োজন শেষ হওয়ার পরেও ওই সব কৃষক পানি বের হওয়ার পথ বন্ধ করছেন না। ফলে পানি বের হয়ে চলে যাচ্ছে অন্য এলাকায়। গ্রামের শুকুর মোল্লা বলেন, ‘কিছু লোকের কাণ্ডজ্ঞানহীন আচরণে খালের থ্যা পানি বাইর হয়া যাইত্যাছে।’পাবনা সেচ প্রকল্প অ্যাসোসিয়েশন-৬-এর সাবেক সাধারণ সম্পাদক মকবুল হোসেন বলেন, ‘সেচসুবিধাভোগীদের নিয়ে গড়া অ্যাসোসিয়েশন বিলুপ্ত করায় এখন সেচখালগুলোর তদারকির কোনো ব্যবস্থা নেই। ফলে সেচখাল ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাউবো কর্তৃপক্ষের কাছে সঠিক সময়ে পৌঁছে না। সেচখালের পানিতে বেশ কিছু জমি পানিতে ডুবে যাওয়ার খবর জানতে পারলেও ক্ষমতা না থাকায় আমি কোনো ব্যবস্থা নিতে পারিনি।’পাউবো পাবনা শাখার উপবিভাগীয় প্রকৌশলী মাহমুদ শেখ বলেন, ‘সেচখাল থেকে পানি বের হয়ে ফসলি জমি ডুবে যাওয়ার খবর প্রথম আপনার কাছ থেকেই শুনলাম। এ ব্যাপারে আমি এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।’