সেচখালের পাড় ভেঙে দুই গ্রাম প্লাবিত
পাবনার সাঁথিয়া উপজেলায় গত রোববার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সেচখালের পাড় ভেঙে দুটি গ্রাম প্লাবিত হয়েছে। ভেসে গেছে কমপক্ষে ১০টি পুকুরের মাছ। বাড়িঘর ও রাস্তাসহ বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ায় দুর্ভোগে পড়েছেন দুই গ্রামের বাসিন্দারা।এ নিয়ে চলতি সেচ মৌসুমে অন্তত পাঁচবার ওই খালের পাড় ভেঙে জনদুর্ভোগের ঘটনা ঘটল। এলাকাবাসী ও পাউবো সূত্রে জানা গেছে, উপজেলার আত্রাইশুকা গ্রামে পাউবোর আই-৩, এস-১৯ নামের সেচখালের পাশের জলাভূমিতে কয়েকজন ব্যক্তি মাছ চাষ করে আসছিলেন। তাঁরা মাটির নিচ দিয়ে পাইপের মাধ্যমে সেচখাল থেকে পানি নিতেন বলে অভিযোগ রয়েছে। এ কারণে সেচখালের পাড়ের একটি অংশ দুর্বল হয়ে পড়ে। আর এ কারণেই রোববার বিকেলে ওই স্থানে সেচখালের পাড় ভেঙে পড়ে। পানির প্রবল চাপে গ্রাম দুটির চলাচলের একমাত্র রাস্তাটি ভেঙে যায় এবং অনেক এলাকা প্লাবিত হয়। এ ছাড়া ভেসে যায় দুটি গ্রামের কমপক্ষে ১০টি পুকুরের মাছ।এ ব্যাপারে পাউবোর বেড়া ও পাবনা বিভাগের নির্বাহী প্রকৌশলী কবিবুর রহমান বলেন, সঠিকভাবে সংস্কার ও রক্ষণাবেক্ষণ করার পরও কিছু স্বার্থান্বেষী লোকের অবৈধ কর্মকাণ্ডের ফলে সেচখালের পাড় ভেঙে পড়ার ঘটনা ঘটছে। সেচখাল থেকে অবৈধভাবে পানি নেওয়ার কারণেই গত রোববার ওই স্থানে পাড় ভেঙে যায়। তিনি আরও বলেন, দোষীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। জরুরিভিত্তিতে সেচখালের ভেঙে যাওয়া অংশ মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।