সেচখালের পাড় ভেঙে ফসল নষ্টের আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেচখালের পাড় ভেঙে নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের কচুকাটা গ্রামের কিছু এলাকার আবাদি জমি পানিতে তলিয়ে গেছে। এতে প্রায় ২০ একর জমির ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। গত বুধবার ভোররাতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, খালটি সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বাজিতপাড়া ৮ নম্বর ওয়ার্ডের এস-২ডি ক্যানেল নামে পরিচিত। এটি তিস্তা সেচ প্রকল্পের অধীন শাখাখালের অন্তর্গত একটি টার্শিয়ারি (উপশাখা) খাল। স্থানীয় কয়েকজন কৃষক জানান, বুধবার রাতে খালের পাড় ভেঙে কচুকাটা গ্রামের বেশ কিছু আলু ও তামাকের খেত তলিয়ে যায়। পানি সরানোর ব্যবস্থা না করলে এসব খেতের তামাক ও আলু পচে নষ্ট হয়ে যাবে। কৃষকেরা অভিযোগ করেন, ইঁদুর গর্ত করায় খালের পাড় দুর্বল হয়ে গেছে। উপরন্তু পাড় সংস্কার না করায় খালে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে ইঁদুরের গর্তগুলো বড় হয়ে ভাঙন সৃষ্টি করছে। ওই খালের ইজারাগ্রহীতা খালের পাড় ভাঙার কথা স্বীকার করে বলেন, স্থানীয় কিছু লোক প্রতিবছর খাল থেকে পানি নেওয়ার জন্য পাড় ছিদ্র করে। হয়তো বা এ কারণে খালের পাড় ভেঙেছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নীলফামারী কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী খায়রুল ইসলাম বলেন, ‘খালের পাড় ভাঙার খবর এখনো আমরা পাইনি।’