পটোল, মরিচ, গম ও বোরো ধানের চারা নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে
সেচখালের পাড় ভেঙে ২০০ বিঘা ফসলি জমি প্লাবিত
পাবনা সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্পের একটি সেচখালের পাড় ভেঙে গতকাল রোববার সকালে বেড়া ও সাঁথিয়া উপজেলার অন্তত ২০০ বিঘা ফসলি জমি তলিয়ে গেছে।এতে এসব খেতে চাষ করা পেঁয়াজ, পটল, মরিচ, গম ও বোরো ধানের চারা নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ভেঙে যাওয়ার পর থেকে সেচখালের আওতাভুক্ত অন্যান্য এলাকায় সেচের পানি সরবরাহ বন্ধ রয়েছে।পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় কৃষকদের সূত্রে জানা যায়, গতকাল সকাল আটটার দিকে পাবনা সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্পের পাইকরহাটি বিশ্বাসপাড়া এলাকায় পানির চাপে হঠাত্ করেই সেচখালের পাড় ভেঙে পড়ে। এতে সেচখালের পানি পাশের এলাকায় ঢুকে পড়লে বেড়া ও সাঁথিয়া উপজেলার ব্যাংডাকা, বাইকচা, ধানচিলা, ভাটিপাড়া চারটি বিলের বেশ কিছু অংশ প্লাবিত হয়।সরেজমিনে কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ডুবে যাওয়া অংশের বেশির ভাগ জমিতে কিছুদিন আগে বোরো ধানের চারা রোপণ করা হয়েছিল। এ ছাড়া বাকি অংশে পেঁয়াজ, পটোল, মরিচ, গম প্রভৃতির আবাদ করা হয়েছিল। পানিতে তলিয়ে যাওয়ায় এসব ফসলের খেত মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে মাঠের বেশির ভাগ পেঁয়াজ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।সাঁথিয়ার পাইকরহাটি গ্রামের কৃষক আবদুল খালেক বলেন, প্রায়ই এ এলাকায় সেচখালের পাড় ভেঙে ফসলের খেত ক্ষতিগ্রস্ত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিই এ জন্য দায়ী। একই গ্রামের কৃষক আয়নাল খাঁ বলেন, ‘কয়েক দিন আগে টাকা ধার কইর্যা আমি তিন বিঘ্যা জমিত পিঁয়্যাজ লাগাইছিল্যাম। পানিতে ডুইব্যা সব জমির পিঁয়্যাজই শ্যাষ হয়া গেল।’ ওই সেচখালের আওতাভুক্ত সোমাসনারি, শহীদনগর, পাইকরহাটি, বাবুপাড়া, বরাট গ্রামের কৃষকেরা জানান, ভেঙে যাওয়ার পর থেকে এই সেচখালে পানি সরবরাহ বন্ধ রয়েছে। পাউবোর বেড়া শাখার নির্বাহী প্রকৌশলী আবদুল আউয়াল বলেন, ‘এলাকার কিছু অসচেতন লোক অবৈধভাবে খালের পাড় ছিদ্র করে পাইপের মাধ্যমে পানি নেওয়ায় সেচখালের কিছু কিছু স্থান দুর্বল হয়ে গেছে। এ ছাড়া ওই এলাকার মাটি খারাপ বলে সেখানকার সেচখালের পাড়গুলোও দুর্বল। ফলে পানির চাপে সেচখালের একটি অংশ ভেঙে গেছে। তবে যে অংশটি ভেঙেছে, সেটি তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ এবং এতে তেমন কোনো ক্ষতি হয়নি। আমরা ইতিমধ্যে সেখানে মেরামত শুরু করেছি। দু-এক দিনের মধ্যেই সেখানে স্বাভাবিকভাবে আবার পানি ছাড়া হবে।’