সেচনালা বন্ধ, ১৫০ বিঘায় আমন আবাদ অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বুইচিতলা গ্রামের পরানচারা মাঠে অগভীর নলকূপের সেচনালা বন্ধ করে দেওয়ায় সাত দিন ধরে সেচকাজ বন্ধ রয়েছে। এতে নলকূপের আওতাভুক্ত ১১৭ জন কৃষক তাঁদের ১৫০ বিঘা জমিতে আমন আবাদ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন।সদ্য সমাপ্ত কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা আলী আহমেদ প্রতিশোধ নিতে এই নালা বন্ধ করে দিয়েছেন বলে ক্ষতিগ্রস্ত কৃষকেরা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন।গতকাল সোমবার সকালে পরানচারা মাঠে গেলে ক্ষুব্ধ কৃষকেরা তাঁদের দুর্দশার কথা জানান। স্থানীয় ইউপি সদস্য ওলি হাসান জানান, বুইচিতলা গ্রামের কৃষকেরা সমবায় সমিতির মাধ্যমে পাঁচ-ছয় বছর ধরে নলকূপ স্থাপনের মাধ্যমে সেচ কার্যক্রম চালাচ্ছেন। এ জন্য কাঁচা নালার পাশাপাশি ৪০০ ফুট পাকা সেচনালা রয়েছে। এর মধ্যে ৭৮ ফুট সেচনালা আলী আহমেদের জমির ওপর দিয়ে গেছে। এত দিন সবকিছু স্বাভাবিক থাকলেও ২১ জুনের নির্বাচনে পরাজিত হওয়ায় তিনি বুইচিতলার মানুষের ওপর ক্ষুব্ধ হয়ে ৫ জুলাই সেচনালাটি মাটি দিয়ে ভরাট করে দেন।তখন থেকে সেচ কার্যক্রম বন্ধ রয়েছে।তাজিরুল ইসলাম নামে এক কৃষক অভিযোগ করেন, আমন আবাদের জন্য আড়াই বিঘা জমিতে সেচ দিয়ে ৪ জুলাই কাদা তৈরি করা হয়। কিন্তু ৫ জুলাই থেকে সেচ বন্ধ থাকায় কাদা শুকিয়ে যাচ্ছে। গ্রামের আবদুল জলিল জানান, পরানচারা মাঠে তাঁর নিজের ও ভাই আবদুল আলিমের দুই একর জমি রয়েছে। সেচের অভাবে জমিতে যেমন কাদা করতে পারছেন না, তেমনি আমনের চারা রোপণ করতেও পারছেন না। কৃষক আইনুদ্দিন জানান, ২১ জুন ইউপি নির্বাচনে সমিতির বেশ কিছু সদস্য আলী আহমেদের বিপক্ষে কাজ করেন। নির্বাচনের আগেই তিনি ঘোষণা দেন, তাঁর পক্ষে কাজ না করলে সেচনালা বন্ধ করে দেওয়া হবে। হজরত আলী নামের এক কৃষক জানান, সেচনালা পরিষ্কার করতে গেলে খুনোখুনি হয়ে যাবে। তাই ক্ষতিগ্রস্ত হয়েও তাঁরা নিজেরা কিছুই করতে পারছেন না।এ ব্যাপারে আলী আহমেদ জানান, পরানচারা মাঠে তাঁর ও তাঁর পরিবারের ৩০ বিঘা জমি রয়েছে। যাঁরা আন্দোলন করছেন, তাঁরা কেউ কৃষক নন, ভূমিহীন। গভীর নলকূপ বসিয়ে দীর্ঘদিন তাঁরা ব্যবসা করে আসছেন। নির্বাচনে পরাজয়ের কারণে সেচনালা বন্ধ করেননি দাবি করে তিনি বলেন, ‘গ্রামের মানুষের আচরণে ক্ষুব্ধ হয়েই সেচনালা বন্ধ করেছি। তারা হুমকি দিয়েছে, আইনের মাধ্যমে সেচনালা চালু করবে। আমিও দেখতে চাই, কীভাবে তারা সেচনালা পরিষ্কার করে। আমি না চাইলে ডিসি-ইউএনও পারবেন না সমাধান করতে।’দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এফ এম এহতেশামুল হক জানান, কৃষি বিভাগকে তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে। জনস্বার্থে ওই নালা অচিরেই খুলে দিয়ে পানির প্রবাহ নিশ্চিত করা হবে।