সেচপাম্প থেকে ঘরে ঘরে অবৈধ বিদ্যুৎসংযোগ!
নওগাঁর মহাদেবপুর উপজেলার চেরাগপুর, ভীমপুর ইউনিয়নের পাঁচ গ্রামে পল্লী বিদ্যুৎ সমিতি বা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কোনো আবাসিক সংযোগ নেই। অথচ ওই পাঁচ গ্রামের তিন শতাধিক বাড়ির লোকজন ছয়-সাত মাস ধরে বিদ্যুৎ ব্যবহার করে আসছেন। বিদ্যুৎচালিত গভীর ও অগভীর নলকূপ অপারেটরদের সংযোগ থেকে গ্রামবাসী অবৈধভাবে বিদ্যুৎসংযোগ নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।গ্রাম পাঁচটি হচ্ছে লক্ষ্মীপুর, নলবল, জালালপুর, বড় মহেশপুর ও কাছাইল। এ ছাড়া ওই দুই ইউনিয়নের তেজপাইন, জালালপুর, গণেশপুর, বাগধানা, মধুপুর, বড়াইল, বড় মহেশপুর, স্বরূপপুর ও রাবনা—এই নয় গ্রামের আরও সহস্রাধিক বাড়িতে অবৈধ বিদ্যুৎসংযোগ রয়েছে বলে জানা গেছে। উপজেলার ১৪টি গ্রামে ১৪ জন গভীর ও অগভীর নলকূপের অপারেটর তাঁদের সংযোগ লাইন থেকে গ্রামবাসীকে অবৈধ বিদ্যুৎসংযোগ দিচ্ছেন। এর সঙ্গে পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরাও জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।পল্লী বিদ্যুৎ সমিতি মহাদেবপুরের আঞ্চলিক ব্যবস্থাপক খন্দকার শামীম আলম জানান, মাস দুয়েক আগে অবৈধ বিদ্যুৎসংযোগের ব্যাপারে নলবল গ্রামের এক সরকারি কর্মচারী তাঁর কাছে মৌখিকভাবে অভিযোগ দিয়েছিলেন। বিষয়টি জানার পরপরই তিনি ওই এলাকার মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের তাঁর দপ্তরে ডেকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে এ বিষয়ে আর কেউ কোনো অভিযোগ দেয়নি। তিনি ভেবেছিলেন বিষয়টির সুরাহা হয়ে গেছে।নলবল গ্রামের গৃহবধূ শিখা রানী, কৃষক গৌতম চন্দ্র ও সুমন চন্দ্র জানান, গ্রামের নজরুল ইসলাম ও তায়েজ উদ্দিনের নামে থাকা পৃথক দুটি গভীর ও অগভীর নলকূপের মিটার থেকে তার টেনে বাসাবাড়িতে বিদ্যুৎসংযোগ নেওয়া হয়েছে। একইভাবে তালপুকুরিয়ার পরিমল চন্দ্র, বাগধানার রিপন কুমার ও ভুটু তরফদার, লক্ষ্মীপুরের ক্ষিতিশ চন্দ্র, মধুপুরের ইউনুস আলী ও ছামসুল আলম, বড়াইলের আবুল কালাম আজাদ, কাছাইলের খোয়াজ আলী, রাবনার উজ্জ্বল প্রামাণিক, নলবলের প্রভাষ চন্দ্র, তেজপাইনের বিমল চন্দ্রের গভীর ও অগভীর নলকূপের সংযোগ থেকে বাসাবাড়িতে অবৈধ বিদ্যুৎসংযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে জালালপুর গ্রামের নলকূপ অপারেটরের নাম জানা যায়নি।অবৈধ বিদ্যুৎসংযোগ নেওয়া বাড়ির লোকজন জানান, সংযোগ নেওয়ার আগে নলকূপ অপারেটররা বাড়িপ্রতি এক হাজার টাকা করে চাঁদা নিয়েছেন। পাশাপাশি চুক্তিপত্র করে প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ছয় থেকে আট টাকা হারে বিল নিয়ে থাকেন। অথচ পল্লী বিদ্যুতের আওতাধীন বাসাবাড়িতে প্রতি ইউনিট বিদ্যুতের জন্য গ্রাহকদের দুই টাকা ৯২ পয়সা করে দিতে হয়।নলকূপ অপারেটরদের কাছে জানতে চাইলে প্রথমে তাঁরা এক হাজার টাকা করে নেওয়ার কথা অস্বীকার করেন। একপর্যায়ে তাঁরা চাঁদা নেওয়ার বিষয়টি স্বীকার করেন। নলবল গ্রামের নলকূপ অপারেটর নজরুল ইসলাম ও তায়েজ উদ্দিন জানান, বরেন্দ্র বিভাগের লোকজনের সঙ্গে কথা বলে এবং পল্লী বিদ্যুৎ সমিতির সম্মতি নিয়ে সংযোগ দেওয়া হয়েছে। তা ছাড়া সরকারি কোষাগারে অধিক হারে রাজস্ব জমা দেওয়ার অংশ হিসেবে গভীর নলকূপের সংযোগ থেকে বিভিন্ন বাসাবাড়িতে সংযোগ দেওয়া হয়েছে বলে দাবি করেন তাঁরা। একই গ্রামের গভীর নলকূপ অপারেটর পরিমল চন্দ্র দাবি করেন, তিনি নিজে কোনো বাসাবাড়িতে সংযোগ দেননি। গ্রামবাসী জোর করে তাঁর নলকূপের বিদ্যুৎসংযোগ থেকে তার টেনে বিদ্যুৎ নিয়েছেন। এক প্রশ্নের জবাবে পরিমল জানান, গ্রামবাসী তাঁকে জামানতস্বরূপ এক হাজার টাকা করে দিয়েছেন এবং ব্যবহূত প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ছয় টাকা হারে পরিশোধ করতে চুক্তিবদ্ধ হয়েছেন।নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির সদস্যসেবা (এমএস) বিভাগের অতিরিক্ত মহাব্যবস্থাপক মোমিনুর রহমান ওই পাঁচ গ্রামে তাঁদের আবাসিক গ্রাহক-সংযোগ না থাকার সত্যতা নিশ্চিত করে জানান, অন্য গ্রামগুলো তাঁদের পরিষেবা এলাকা হলেও গ্রামগুলোকে সরাসরি পল্লী বিদ্যুৎ সমিতির কভারেজ এলাকা বলা যাবে না।নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক রেজাউল হক প্রথম আলোকে বলেন, গ্রামের পর গ্রামজুড়ে অবৈধ বিদ্যুৎসংযোগ নেওয়ার এমন অভিযোগ এর আগে কখনো শোনা যায়নি। বিষয়টি জরুরি ভিত্তিতে খতিয়ে দেখা হবে।