সেচপাম্প ভাঙচুর, যন্ত্রাংশ লুট
সন্ত্রাসীরা যশোর সদর উপজেলার অন্দোইলপোতা গ্রামের বোরো খেতে বসানো বিদ্যুৎ-চালিত দুটি সেচপাম্প ভেঙে দিয়েছে। তারা ডিজেলচালিত সাতটি স্যালো মেশিনের হ্যান্ডেল ছিনিয়ে নিয়ে গেছে। এতে ওই সব বোরো খেতে সেচ বন্ধ রয়েছে। দুই বছর সাজা পাওয়া আসামি গ্রামের আবু বকরকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার সকালে তাঁর লোকজন এ তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।আবু বকরের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়ার জন্য বুধবার সন্ধ্যায় তিনজনকে পিটিয়ে জখম করা হয়। এর মধ্যে গুরুতর আহত আব্বাস বিশ্বাস (৫৫) ও দেলোয়ার বিশ্বাসকে (৪৫) যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গত বুধবার দুপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৬-এর (র্যাব) একটি দল অভিযান চালিয়ে আবু বকরকে তাঁর বাড়ি থেকে আটক করে পুলিশে সোপর্দ করে। এর পর থেকে এলাকায় তাণ্ডব চালানো হয়।মামলার বাদী চোখম আলীর ভাই আনোয়ার হোসেন বলেন, ‘গত বছরের ২৩ অক্টোবর সন্ধ্যায় চাঁদার দাবিতে আমার ভাই জুলফিকার আলীকে বারবাজার এলাকায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি মামলা করা হয়। ওই মামলায় আবু বকর, আবু ছাক্কারসহ পাঁচজনকে আসামি করা হয়। সেই মালা তুলে নেওয়ার জন্য তারা হুমকি দিয়ে আসছে।’ তিনি জানান, অন্য একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করার পর বক্করের ভাইয়েরা বেপরোয়া হয়ে মারপিট করে।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক শেখ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়ছে। এ ব্যাপারে একটি মামলাও হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।