সেচবঞ্চিত ১০৫ হেক্টর জমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার চানপুর গ্রামের ১০৫ হেক্টর বোরোর জমি সেচসুবিধার বাইরে চলে গেছে। ১২ দিন আগে ওই এলাকার ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ার পর থেকে সেচকাজে এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। একই কারণে ওই গ্রামের কয়েক হাজার মানুষ আবাসিক বিদ্যুৎসুবিধা পাচ্ছে না। কৃষকদের পক্ষ থেকে ট্রান্সফরমার সচল করার তাগিদ দিয়ে এলেও স্থানীয় আবাসিক বিদ্যুৎ অফিস থেকে তেমন কোনো সাড়া মিলছে না। এই অবস্থায় জমি রক্ষা নিয়ে শঙ্কা বেড়েছে কৃষকদের মধ্যে। কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভৈরব উপজেলার মধ্যে চানপুর মৌজা কৃষিনির্ভর অঞ্চল। বিশেষ করে ধানের ফলন ভালো হওয়ার কারণে এবার ১৬০ হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়। এক মাস আগে ট্রান্সফরমার নষ্ট হয়ে গিয়েছিল। তখন ৩০ হাজার টাকা দিয়ে বিদ্যুৎ অফিস থেকে নতুন ট্রান্সফরমার লাগানো হয়। কিছু দিনের ব্যবধানে ৪ মে সন্ধ্যায় ট্রান্সফরমারটি ফের বিকল হয়ে যায়। এর পর থেকে ১৫টি সেচ প্রকল্প বন্ধ হয়ে যায়। ১৫টি সেচ প্রকল্পের অধীনে ১০৫ হেক্টর ধানের জমি রয়েছে। কৃষক সবুর মিয়া বলেন, ‘ট্রান্সফরমার নষ্ট হওয়ার পর থাইক্কা আমরা বিদ্যুৎ অফিসে যোগাযোগ করি। ৩৫ হাজার টাকা চায়। কয়দিন পর পর এত টাহা কয় থাইক্কা দিমু কন।’ খালেদ মিয়া নামে অপর এক কৃষক বলেন, এখন ধানের ছড়া বের হওয়ার সময়। এ সময় পানির খুব দরকার। কৃষি কর্মকর্তা মো. আবুল কালাম বলেন, টানা কিছুদিন সেচ না পেলে এমনিতেই চারার স্বাভাবিকতা নষ্ট হয়ে যায়। সে ক্ষেত্রে কাঙ্ক্ষিত ফলন পাওয়া যায় না। দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান করা না গেলে কৃষকদের আর কোনো আশা থাকবে না। কবে নাগাদ ট্রান্সফরমার সচল হতে পারে, এমন প্রশ্নে ভৈরব বিদ্যুৎ অফিসের আবাসিক প্রকৌশলী জীবন কৃষ্ণ দাস টাকা চাওয়ার কথা অস্বীকার করে বলেন, আমাদের কাছে বাড়তি কোনো ট্রান্সফরমার নেই। ট্রান্সফরমার বিকল হলে ওই ট্রান্সফরমার খুলে টঙ্গি পাঠাতে হয়। ফলে কিছুটা সময় বেশি লেগে যায়। দ্রুত চানপুরে ট্রান্সফরমার প্রতিস্থাপন করা হবে বলে তিনি আশ্বাস দেন।