মৌসুমের শুরুতেই ডিজেলের দাম বাড়ানোর কারণে বোরোর উৎপাদন নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন চুয়াডাঙ্গার কৃষকেরা। চলতি মৌসুমে বোরোসহ সেচভিত্তিক অন্যান্য ফসলের উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন হবে কি না, তা নিয়ে কৃষি বিভাগও সন্দিহান।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় থেকে জানা গেছে, চলতি বছরে জেলায় ৪০ হাজার হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এরই মধ্যে দুই হাজার ৩১০ হেক্টর জমিতে উচ্চফলনশীল (উফশি) ও ৩০০ হেক্টর জমিতে হাইব্রিড জাতের ধানের বীজতলা তৈরি করা হয়েছে। বোরো ছাড়াও সব মিলিয়ে এক লাখ ছয় হাজার ২১০ হেক্টর জমিতে সেচভিত্তিক অন্যান্য ফসল রয়েছে। এর মধ্যে ৮০ হাজার ৯২২ দশমিক ২৮ হেক্টর জমিতে ডিজেলচালিত সেচযন্ত্র দিয়ে পানি সরবরাহ করা হয়।কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, বোরোখেতে টানা তিন মাস ধরে সেচ দিতে হয়। চুয়াডাঙ্গায় জমির অবস্থান ভেদে বোরো চাষের জন্য প্রতি হেক্টরে সেচ বাবদ গড়ে ৩০০ লিটার করে ডিজেল প্রয়োজন। সেচভিত্তিক অন্যান্য ফসল উৎপাদনের জন্য সেচ বাবদ প্রতি হেক্টরে গড়ে ২০০ লিটার করে ডিজেলের প্রয়োজন। সেই হিসাবে ৮০ হাজার ৯২২ দশমিক ২৮ হেক্টর জমিতে এক কোটি ৬১ লাখ ৮৪ হাজার ৪৫৬ লিটার ডিজেল প্রয়োজন।কৃষকেরা জানান, সরকার ডিজেলের দাম প্রতি লিটারে সাত টাকা বাড়ালেও হাটবাজারগুলোয় ১০ টাকা বেশি বাড়ানো হয়েছে। সেই হিসাবে চলতি মৌসুমে অতিরিক্ত গুনতে হচ্ছে ১৬ কোটি ১৮ লাখ ৪৪ হাজার ৫৬০ টাকা।আলমডাঙ্গা উপজেলার হাকিমপুর গ্রামের কৃষক আবদুল কুদ্দুস জানান, দফায় দফায় সার-ডিজেলের দাম যেভাবে বাড়ছে, সে তুলনায় ধানের দাম কমছে। এভাবে চলতে থাকলে চাষাবাদ ছেড়ে দেওয়া ছাড়া কোনো পথ থাকবে না।দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামের কৃষক আবদুর রহমান জানান, ডিজেলের দাম বেড়ে যাওয়ায় প্রতি বিঘা জমিতে শুধু সেচ খরচ বাবদই ছয় হাজার টাকা লাগবে। এ কারণে তিনিসহ এলাকার অনেক কৃষক বীজতলা তৈরির পরও বোরো চাষ করবেন কি না, তা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন তাঁরা।জীবননগর উপজেলার হাসাদহ ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা জামানুর রহমান জানান, গত বছর বোরো মৌসুমে কৃষকেরা ওই ব্লকে ৩৬০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করেছিলেন। চলতি বছর ২০০ হেক্টর জমিতেও বোরোর আবাদ হবে না। তিনি আরও জানান, ধানের বাজারদর কম এবং কৃষি উপকরণের পাশাপাশি ডিজেলের দাম বেড়ে যাওয়ায় কৃষকেরা ধান চাষে নিরুৎসাহিত হচ্ছেন।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গার শস্য উৎপাদন-বিশেষজ্ঞ আবদুল লতিফ জানান, ধানের বাজারদর কম থাকায় এমনিতেই কৃষকদের ধান চাষ করতে আগ্রহ কম। ডিজেলের দাম বাড়ানোর কারণে ধান চাষের প্রতি তাঁদের আগ্রহ আরও কমে যাবে। তা ছাড়া এখন মাঠে থাকা সব ফসলই সেচনির্ভর। ডিজেলের দাম বেড়ে যাওয়ায় বোরোর পাশাপাশি অন্যান্য ফসলেরও লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।