সেচযন্ত্র, মালিক দুই-ই গেল
রুহুল আমিনের (৪২) একমাত্র সম্বল বলতে ছিল বিদ্যুৎ-চালিত একটি সেচপাম্প। এই পাম্প দিয়ে দিনে-রাতে জমিতে সেচ দিয়ে যে আয় হতো, তা দিয়েই চার ছেলের পড়াশোনার খরচসহ সংসার চালাতেন। এখন সেচযন্ত্রটি নেই। নেই যন্ত্রের মালিক রুহুল আমিনও। গতকাল বৃহস্পতিবার ভোরে রুহুল আমিনকে খুন করে সেচযন্ত্রটি চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে রংপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর ইউনিয়নের দাউদা গ্রামে। পুলিশ, গ্রামবাসী ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্র জানায়, প্রতিদিনের মতো গত বুধবার রাত ১০টায় ভাত খেয়ে রুহুল আমিন সেচযন্ত্রের ঘরে যান। রাতে সেচ দিয়ে সেখানেই ঘুমিয়ে পড়েন। সাধারণত সকালের দিকে বাড়ি ফিরতেন। কিন্তু গতকাল বেলা বাড়লেও রুহুলের দেখা নেই। সেচের পানি না পেয়ে এক কৃষক সেচযন্ত্রের ঘরের কাছে গিয়ে দেখেন, হাত-পা বাঁধা অবস্থায় রুহুল পড়ে আছেন। তাঁর মুখ থেকে লালা ও রক্ত ঝরছে। ঘরের মধ্যে সেচযন্ত্রটিও নেই। ওই এলাকার সেচ-সুবিধা পাওয়া কৃষক মশিয়ার রহমান জানান, এলাকার মানুষের বোরো খেতে সেচ দিতেন রুহুল। কোনো কোনো দিন বাকিতেও সেচ দিতেন তিনি। অন্য এক কৃষক লালু মিয়া বলেন, জমিতে সেচের প্রয়োজন হলে রুহুল নিজ উদ্যোগেই সেচ দিতেন। কারও সঙ্গে কখনো মনোমালিন্য হয়নি। রুহুল আমিনের স্ত্রী মেনোয়ারা বেগম বলেন, ‘এই সেচযন্ত্রটি ছিল হামার পরিবারের একমাত্র রোজগারের পথ। মেশিনও গেল, হামার মানুষটাও খুন হইল।’ কলেজপড়ুয়া বড় ছেলে মনিরুজ্জামান বলেন, ‘সেচ দিয়ে প্রতিদিন রোজগার হতো আড়াই থেকে তিন শ টাকা। উপার্জিত ওই টাকা দিয়ে আমাদের পড়াশোনাসহ সংসার চলত।’ রাজেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, ‘যাঁরা সেচ-সুবিধা দিতে জমিতে রাত্রিযাপন করেন, তাঁদের মধ্যে এখন আতঙ্ক ছড়িয়ে পড়েছে।’ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়দার আলী মোল্লা বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। খুনের রহস্য উদ্ঘাটন করতে পুলিশ তদন্ত করছে।