সেচযন্ত্র বসিয়ে আমনখেত রক্ষার চেষ্টা
নীলফামারীতে ভরা বর্ষায় বৃষ্টির অভাবে রোপা আমন খেত শুকিয়ে চৌচির হচ্ছে। সেচযন্ত্র বসিয়ে পানি দিয়ে আমন খেত রক্ষার চেষ্টা করছেন কৃষকেরা। গত বৃহস্পতিবার সরেজমিনে সদরের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে এমন দৃশ্য।
দুপুর ১২টার দিকে সদরের ইটাখোলা ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে দেখা যায়, কৃষক জাহাঙ্গীর আলম (৪০) সেচযন্ত্রের সাহায্যে পানি দিয়ে তাঁর আমন খেত রক্ষার চেষ্টা করছেন। এ সময় তিনি বলেন, প্রায় এক মাস ধরে বৃষ্টির দেখা নেই। চারাগুলো শুকিয়ে লালচে বর্ণ ধারণ করছে। এখন সেচ দেওয়া না গেলে আমন খেত রক্ষা করা যাবে না। তিনি ২০ বিঘা জমিতে আমন চারা রোপণ করেছেন বলে জানান।
ওই গ্রামের সেফা চৌধুরী (৫০) বলেন, ‘বৃষ্টির আশায় থাকতে থাকতে খেত নষ্ট হয়ে যাচ্ছে। এখন বাধ্য হয়ে সেচযন্ত্র বসিয়ে আমন চারা রক্ষার চেষ্টা করছি। জমি শুকিয়ে যাওয়ায় জমিতে আগাছা জন্মাচ্ছে, এ কারণে অতিরিক্ত নিড়ানিও দিতে হচ্ছে। নিড়ানি ও সেচ দেওয়ার কারণে আমন আবাদের উৎপাদন খরচ অনেক বেড়ে যাচ্ছে। এবার আমন আবাদ করে খরচ উঠবে না।’ একই অবস্থায় ওই এলাকার সব কৃষক পড়েছেন বলে তিনি জানান।
দুই বিঘা জমিতে আমন ধানের চারা লাগিয়েছেন সদরের টুপামারী গ্রামের কৃষক মতিউর রহমান। (৪০) তিনি বলেন, ‘বৃষ্টির দেখা নাই, হামার খেত মরি যায়ছে, আশপাশে পানি দিবার মত কারও মেশিনও নাই (সেচযন্ত্র), এলা যে কি কইরমো চিন্তায় করির পাইছি না।’ সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নের দুবাছুড়ি গ্রামের কৃষক গিরিজা রায় (৫০) বলেন, ‘অনেক দিন থাকি আকাশত খালি ম্যাগ (মেঘ) দেখা যায়, কিন্তু জল নামে না। বাধ্য হয়া স্যালো মিশিন দিয়া জল দেয়ছি।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় এবার আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১২ হাজার ৪৭ হেক্টর জমি। গত বুধবার (১৭ আগস্ট) পর্যন্ত অর্জিত হয়েছে ১ লাখ ১১ হাজার ২ হেক্টর। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ১০ হাজার ১৮৪ মেট্রিক টন। আমন আবাদের জন্য বর্তমানে জেলায় সেচযন্ত্র চালু আছে ১ হাজার ৮৭টি। এসব যন্ত্র দিয়ে ৩৮৬ হেক্টর আমন আবাদের জমিতে সেচ দেওয়া হচ্ছে। এ ছাড়া জেলায় তিস্তা ব্যারাজ সেচ প্রকল্প এলাকার কৃষকেরা ওই প্রকল্পের মাধ্যমে আমন আবাদে সম্পূরক সেচ দিচ্ছেন। গত বছরের তুলনায় এবার জেলায় বৃষ্টি কম হয়েছে। গত বছরের আগস্ট মাসে জেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৭৬০ মিলিমিটার। সেখানে এবার আগস্ট মাসের ১ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫০ মিলিমিটার। এ ছাড়া ১৬, ১৭ ও ১৮ আগস্ট জেলায় কোনো বৃষ্টি হয়নি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক আফতাব হোসেন বলেন, এখনো সময় আছে, বৃষ্টি হলেই পানির ঘাটতি পূরণ হবে। এখনো জেলার বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। যেখানে বৃষ্টি হচ্ছে না, সেখানে মাটিতে এখনো যে পরিমাণ রস আছে তাতে আমন চারার তেমন ক্ষতি হবে না।