সেচযন্ত্রের অনুমোদন না পেয়ে বিপাকে চাষি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে চলতি বোরো মৌসুমে ধান চাষে সেচযন্ত্রের সরকারিভাবে অনুমোদনপত্র না পাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকেরা। অনুমোদনপত্রের জন্য কৃষকেরা প্রতিদিন সকাল-বিকেল ধরনা দিচ্ছেন সংশ্লিষ্ট দপ্তরে।
ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, সংশ্লিষ্ট দপ্তরে তাঁরা এক থেকে দেড় মাস আগে আবেদন করেছেন। অনেকেই আবার অনুমোদন পেতে এরই মধ্যে সরকার নির্ধারিত টাকার চেয়ে বাড়তি টাকা ব্যয়ও করে ফেলেছেন বলে জানান। তবু মিলছে না অনুমোদনপত্র (লাইসেন্স)। ফলে ঠিক সময়ে জমিতে সেচ দেওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা।
উপজেলা কৃষি অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা গেছে, এ মৌসুমে উপজেলায় ২০ হাজার ২৯১ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চলতি বোরো মৌসুমের ধান চাষ গত জানুয়ারি থেকে শুরু হয়েছে। চারা রোপণ চলবে মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত।
উপজেলা সেচ কমিটি সূত্রে জানা যায়, উপজেলায় নতুনভাবে গভীর ও অগভীর সেচযন্ত্রের জন্য সাড়ে ৩০০ কৃষক আবেদন করেছেন। আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারি নীতিমালা অনুযায়ী গত ১৭ জানুয়ারি উপজেলায় সেচ কমিটির সভায় প্রথম পর্যায়ে ১৬১টি অগভীর ও ৬৪টি গভীর সেচযন্ত্রের অনুমোদন দেওয়া হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আবদুর রহিম বলেন, ওই সব সেচযন্ত্রের আবেদনের আওতায় প্রায় সাড়ে সাত হাজার বিঘা বোরো ধানের জমি রয়েছে।
গত মঙ্গলবার বেলা দুইটায় উপজেলার বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের উচ্চতর উপসহকারী প্রকৌশলী (ক্ষুদ্র সেচ) দপ্তরে গিয়ে দেখা যায়, দপ্তরের একটি কক্ষ খোলা। কার্যালয়ে কোনো কর্মকর্তা-কর্মচারী নেই। এই দপ্তরে নতুন সেচযন্ত্রের জন্য আবেদন করা কৃষকেরা ঘণ্টার পর ঘণ্টা বসে আছেন।
অপেক্ষায় থাকা কৃষকের মধ্যে উপজেলার মির্জাপুর সরকারপাড়ার গোলাপ হোসেন বলেন, তিনি মির্জাপুর মৌজায় নতুন অগভীর সেচযন্ত্রের জন্য গত বছরের ২৩ ডিসেম্বর বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন উচ্চতর উপসহকারী প্রকৌশলী (ক্ষুদ্র সেচ) দপ্তরে (বিএডিসি) নির্ধারিত ফরমে আবেদন করেছেন। এ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কার্যালয়ে না পাওয়ায় তাঁর আবেদনটির কী অবস্থা, তা-ও জানতে পারছেন না। তিনি আরও বলেন, তাঁর নতুন বসানো সেচযন্ত্রের আওতায় প্রায় দেড় শ বিঘা বোরো ধান চাষের খেত রয়েছে। পানি দেওয়া নিয়ে অনিশ্চয়তায় এখানকার কৃষকেরা দুশ্চিন্তায় পড়ে গেছেন।
উপজেলার সুঘাট ইউনিয়নের আওলাকান্দি গ্রামের কৃষক নুরুল ইসলাম বলেন, নদী থেকে পানি তুলে ধান চাষের জন্য ২০১৩ সালে আবেদন করেছিলেন। শেরপুর বিএডিসি দপ্তরের কর্মকর্তারা ওই সময় তদন্ত করলেও অনুমোদন দেয়নি। ২০১৫ সালের ডিসেম্বরে আবারও আবেদন করেন। শুনেছেন ১৭ জানুয়ারি সেচ কমিটির সভায় তাঁর আবেদন অনুমোদিত হয়েছে। তাঁর স্কিমের আওতায় রয়েছে কমপক্ষে এক শ বিঘা জমি। তবে তিনি শেরপুর বিএডিসি দপ্তরে দিনের পর দিন ধরনা দিয়েও এখনো সেচযন্ত্রের অনুমোদনপত্র নিতে পারেননি।
উপজেলার পোষী গ্রামের কৃষক গৌরাঙ্গ সরকার বলেন, নতুন সেচযন্ত্র আবেদনে সরকার নির্ধারিত ফি ছাড়াও তদন্তের নামে সংশ্লিষ্ট বিএডিসি দপ্তরে কর্মচারীর মাধ্যমে তাঁর প্রায় ২ হাজার ৫০০ টাকা বাড়তি ব্যয় করতে হয়েছে। এরপরও তিনি সরকারি অনুমোদন পাননি। এ অবস্থায় তিনি সেচযন্ত্রে বিদ্যুৎ-সংযোগও নিতে পারছেন না বলে জানান এ কৃষক।
উপজেলা বিএডিসি দপ্তরের সহকারী প্রকৌশলী মাসউদুল করিম বলেন, তিনি শেরপুর ও ধুনট উপজেলাসহ অতিরিক্ত হিসেবে নন্দীগ্রাম উপজেলায় দাপ্তরিক কাজে দায়িত্বে রয়েছেন। তাঁর শেরপুর দপ্তরের জনবল মাত্র তিনজন। এ জন্য অনেক সময় দাপ্তরিক কাজে তাঁকেসহ কর্মচারীদের বাইরে যেতে হয়। তাই অনেকেই দপ্তরে এসে তাঁদের পান না। তিনি আরও বলেন, সেচযন্ত্র যাঁদের নামে অনুমোদন হয়েছে, তাঁদের দ্রুতই অনুমোদনপত্র দেওয়া হয়েছে। তবে আবেদনকারীদের বাড়তি টাকা ব্যয়ের সঙ্গে তিনি সংশ্লিষ্ট নেই বলে দাবি করেন।
উপজেলা সেচ কমিটির আহ্বায়ক ইউএনও এ কে এম সরোয়ার জাহান বলেন, ১৭ জানুয়ারি পর্যন্ত যাঁরা আবেদন করেছেন, তাঁরা সেচযন্ত্রের অনুমোদন পেয়েছেন। বাকিদের বিষয়ে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।