সেচসুবিধা নেই, এক হাজার একর জমিতে চাষাবাদ ব্যাহত
সেচের অভাবে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের টিলাগাঁও মাঠের প্রায় এক হাজার একর জমিতে চাষাবাদ ব্যাহত হচ্ছে। শীতকালীন সবজি চাষ করাও সম্ভব হচ্ছে না। সেচসুবিধা না থাকায় শুধু বৃষ্টির ওপরই নির্ভর করতে হয় এলাকার কৃষকদের। এলাকাবাসী জানান, টিলাগাঁও মাঠে প্রায় এক হাজার একর জমি রয়েছে। এর সঙ্গে তিনটি গ্রামের ৬০০ থেকে ৭০০ কৃষক পরিবার যুক্ত। কিন্তু শুধু পানির জন্য এই জমির ওপর তাঁরা ভরসা করতে পারছেন না। মাঠে সেচব্যবস্থা নিশ্চিত করতে গভীর নলকূপ স্থাপন কিংবা পাহাড়ি খাল বা ছড়ায় পরিকল্পিতভাবে একটি স্লুইসগেট (জলকপাট) নির্মাণ করা গেলে সেচের চাহিদা পূরণ হবে। টিলাগাঁও গ্রামের আবদুল মন্নাফসহ কয়েকজন জানান, এই মাঠ এলাকা দিয়ে জীবধরিছড়া (খাল) নামে একটি পাহাড়ি ছড়া গিয়ে ধলাই নদীতে মিশেছে। পাহাড়ি ছড়া হওয়ায় ১২ মাসই কিছু পানি থাকে। জীবধরিছড়ার মধ্যে একটি স্লুইসগেট নির্মাণ করা গেলে পাহাড়ি পানি আটকে সেটা সেচকাজে ব্যবহার করা যাবে। কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের টিলাগাঁওয়ের মাঠ ঘুরে দেখা গেছে, টিলাগাঁও, লঙ্গুরপুল ও ভান্ডারিগাঁওয়ের একাংশ নিয়ে বিস্তৃত মাঠে এ বছর বেশ ভালো আমন ফসল হয়েছে। পাকা ধান কেটে ঘরে তুলতে পেরে কৃষকেরা খুশি। নতুন ধানের উৎসব এখনো এই গ্রামগুলোতে ছড়িয়ে আছে। তবে প্রতিবছর এ রকম পাকা আমন ধান তাঁরা ঘরে তুলতে পারেন না। টিলাগাঁও গ্রামের এখলাছ মিয়া (৪৫) প্রথম আলোকে সম্প্রতি বলেন, ‘পানির জন্য আমাদের মাঠটি প্রায় বছরই পতিত থাকে। বৃষ্টি হলে ধান হয়। বর্ষা না হলে কোনো ধানই হয় না। সবজি চাষের আগ্রহ থাকলেও পানি না থাকায় আমরা তা পারি না।’ গ্রামের আবদুল মন্নাফ বলেন, ‘আমাদের এলাকাটি সম্পূর্ণ বন্যামুক্ত। কিন্তু আউশ ছাড়া আমরা আর কোনো ফসল নিশ্চিতভাবে করতে পারি না। পানির ব্যবস্থা হলে এখানে তিনটি ফসল হতো।’ এলাকাবাসী জানান, গত বছর সময়মতো বৃষ্টি হয়নি। সেচ দেওয়ারও কোনো সুযোগ ছিল না। তাই ধানগাছ পুড়ে গেছে। এ বিষয়ে মাধবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পুষ্প কুমার কানু গত বুধবার প্রথম আলোকে বলেন, ‘নলকূপ বা স্লুইসগেট নির্মাণে আমরা কোনো সরকারি বরাদ্দ পাচ্ছি না। যা বরাদ্দ পাই, তা দিয়ে এ রকম কাজ করা যাবে না।’কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী গোলাম মো. মহিউদ্দিন চৌধুরী বুধবার প্রথম আলোকে বলেন, ‘ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে এ বিষয়ে প্রস্তাব দিতে বলা হয়েছে। তৃণমূল থেকে প্রস্তাব না এলে আমরা পরিকল্পনা গ্রহণ করতে পারি না। প্রস্তাব পেলেই পরিকল্পনা নেব।’