সেচসুবিধা নেই, তিন হাজার হেক্টর জমি অনাবাদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোরো মৌসুমে সেচসুবিধা না থাকায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রায় তিন হাজার হেক্টর জমি প্রতিবছর অনাবাদি থেকে যায়। কৃষি সম্প্রসারণ বিভাগ ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কর্মকর্তারা জানান, ঝিনাইগাতী উপজেলার সাতটি ইউনিয়নে জমির পরিমাণ ২৩ হাজার ১০০ হেক্টর। এর মধ্যে আবাদযোগ্য ১৮ হাজার হেক্টর। যান্ত্রিক পদ্ধতিতে সেচসুবিধার আওতায় রয়েছে প্রায় ১২ হাজার হেক্টর জমি। এ ছাড়া প্রাকৃতিক ও সনাতন পদ্ধতিতে প্রায় তিন হাজার হেক্টর জমিতে সেচসুবিধা রয়েছে। জানা যায়, ঝিনাইগাতী উপজেলার নলকুড়া, গৌরীপুর, কাংশা, ধানশাইল (আংশিক) ও ঝিনাইগাতী সদর ইউনিয়নের তিন হাজার হেক্টর জমিতে বোরো মৌসুমে কোনো সেচসুবিধা না থাকায় এসব এলাকার কৃষকেরা বোরো ধান আবাদ করতে পারছেন না। প্রতিবছর এসব জমি অনাবাদি পড়ে থাকে। বোরো মৌসুমে সেচসুবিধা পেলে কৃষকেরা পতিত জমিতে বোরো ধান আবাদ করার সুযোগ পাবেন। সম্প্রতি ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচূড়া, ডেফলাই ও রাংটিয়া এবং কাংশা ইউনিয়নের বাকাকুড়া, গান্ধীগাঁও, হালচাটি ও পশ্চিম বাকাকুড়া গ্রামে গিয়ে দেখা যায়, এসব অঞ্চলের বিস্তীর্ণ জমি সেচসুবিধার অভাবে অনাবাদি পড়ে আছে। নলকুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও রাংটিয়া গ্রামের বাসিন্দা মো. খলিলুর রহমান বলেন, তাঁদের ইউনিয়নে বোরো মৌসুমে এক হাজারের বেশি একর জমি অনাবাদি পড়ে থাকে। কাংশা ইউনিয়নের গান্ধীগাঁও গ্রামের বিল্লাল হোসেন বলেন, সেচসুবিধা না থাকায় তাঁর তিন একর জমি পতিত পড়ে আছে। একই গ্রামের নূর হোসেন বলেন, পানির অভাবে তাঁরও সাত-আট একর জমি অনাবাদি পড়ে আছে। কাংশার হালচাটি গ্রামের সুরেন্দ্র কোচ বলেন, বোরো মৌসুমে সেচসুবিধা নেই। তাই তাঁর দুই একর জমি অনাবাদি পড়ে থাকে।গৌরীপুর, ধানশাইল (আংশিক) ও ঝিনাইগাতী সদর ইউনিয়নের কৃষকেরাও সেচসুবিধা না থাকায় কেবল আমন ধান আবাদ করেন। এই অঞ্চলের কৃষকেরা সেচের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।ঝিনাইগাতী উপজেলা কৃষি কর্মকর্তা মো. কোরবান আলী প্রথম আলোকে বলেন, চলতি বোরো মৌসুমে উপজেলায় ১২ হাজার ২০ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৪৯ হাজার মেট্রিক টন। তিনি বলেন, যদি ঝিনাইগাতীর অনাবাদি তিন হাজার হেক্টর জমি সেচের আওতায় এনে বোরো ধান আবাদ করা যায়, তাহলে এই উপজেলায় আরও প্রায় ১২ হাজার মেট্রিক টন বেশি চাল উৎপাদন করা সম্ভব হবে।বিএডিসি (ক্ষুদ্র সেচ বিভাগ) শেরপুরের সহকারী প্রকৌশলী নূর মোহামঞ্চদ বলেন, পাথর-কণার কারণে ওই তিন ইউনিয়নে সাধারণ মানের গভীর বা অগভীর নলকূপ স্থাপন করে ভূগর্ভস্থ পানি উত্তোলন করা সম্ভব হচ্ছে না। ফলে বোরো মৌসুমে সেসব এলাকা অনাবাদি পড়ে থাকছে। তিনি বলেন, ঝিনাইগাতীর মহারশি নদীতে রাবার ড্যাম নির্মাণ ও নদী থেকে পানি সরবরাহের জন্য খাল খনন করা হলে এই অঞ্চলের বিপুল পরিমাণ জমি সেচের আওতায় আনা সম্ভব হবে। এতে কৃষকেরা সহজেই ভূউপরিস্থ পানি ব্যবহার করে বোরো ধান আবাদ করতে পারবেন। এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে বিএডিসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে বলে জানান এই প্রকৌশলী।