সেচসুবিধার অভাবে বোরো চাষ ব্যাহত
পর্যাপ্ত সেচসুবিধা না থাকায় চট্টগ্রাম জেলায় এবার বোরোর চাষা ব্যাহত হচ্ছে। এ কারণে এবার বোরোর লক্ষ্যমাত্রা আগের বছরের চেয়ে এক হাজার হেক্টর কম নির্ধারণ করা হয়েছে। চট্টগ্রামের পটিয়া উপজেলার পারি গ্রামের কৃষক জ্যোতি দে (৫৫) সেচসুবিধা না থাকায় এবার বোরোর আবাদ করতে পারছেন না। তিনি বলেন, ‘কয়েক গ্রামের কৃষকেরা মিলে শ্রীমতি খালে বাঁধ দিয়ে সেচের ব্যবস্থা করেছেন। এবার খালের পূর্ব পাড়ের কৃষকেরা সেচসুবিধা পাবেন। আমার জমি খালের পশ্চিম পাড়ে, তাই এবার সেচসুবিধা পাচ্ছি না।’শুধু পটিয়া নয়, জেলার বিভিন্ন উপজেলার চিত্র এ রকমই। চট্টগ্রামের শস্যভান্ডার খ্যাত রাঙ্গুনিয়া উপজেলার গুমাই বিলের সব জমিতেও বোরোর চাষ হয় না। গুমাই বিলের কৃষক সাইফুল ইসলাম বলেন, সেচের অভাবে বিলের মাঝের ও শেষ অংশের অনেক জমিতে বোরোর চাষ হয় না। যেসব জমিতে চাষ হয়, সেগুলোতেও পানির অভাব। লোডশেডিংয়ের কারণে সেচপাম্পগুলো বেশির ভাগ সময় অচল থাকে।কৃষি অধিদপ্তর এবার জেলার ৬৪ হাজার ৪৪ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। লক্ষ্যমাত্রা অর্জিত হলে চাল উৎপাদন হবে দুই লাখ ৫১ হাজার ৬৬০ মেট্রিক টন। অন্যদিকে এবার আমনের চাষ হয়েছিল জেলার এক লাখ ৭৫ হাজার ১১৪ হেক্টর জমিতে। এতে প্রায় চার লাখ ৭০ হাজার ১০২ মেট্রিক টন চাল উৎপাদিত হয়।অধিদপ্তর সূত্র জানায়, আনোয়ারা, বাঁশখালী ও পটিয়ার কিছু অংশে লবণাক্ততার কারণে বোরোর আবাদ কম হয়। পাশাপাশি বছরের এই সময়ে ফটিকছড়ি ও রাউজানের কোনো কোনো স্থানে ভূগর্ভস্থ পানির স্তর থাকে অনেক নিচে। এদিকে লবণাক্ততার কারণে সন্দ্বীপে বোরোর চাষ হয় না। অধিদপ্তর সূত্র আরও জানায়, জেলার ফটিকছড়িতে এবার সর্বোচ্চ ২০ হাজার ৯৮৫ হেক্টর জমিতে আমনের চাষ হয়। কিন্তু এই উপজেলায় বোরোর চাষ হচ্ছে সাত হাজার ২৭০ হেক্টর জমিতে। রাঙ্গুনিয়া উপজেলার ১৬ হাজার ৭৫ হেক্টর জমিতে আমন চাষের বিপরীতে বোরোর আবাদ হচ্ছে আট হাজার ১৫৫ হেক্টর জমিতে। চট্টগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ বিশেষজ্ঞ মো. শাহ আলম বলেন, আমন বৃষ্টিনির্ভর হলেও বোরো মূলত সেচনির্ভর। সেচের পানি সহজলভ্য না হলে কৃষক বোরো আবাদে আগ্রহী হন না। বছরের এই সময়ে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় এবং পর্যাপ্ত সূর্যের আলোর কারণে বোরোর ফলন তুলনামূলক ভালো হয়। সেচসুবিধা বাড়িয়ে অধিকাংশ জমি চাষের আওতায় আনা গেলে দ্বিগুণ উৎপাদন সম্ভব।পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রামের সহকারী সম্প্রসারণ কর্মকর্তা মোমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, বোর্ডের অধীনে চট্টগ্রামে ছোট-বড় মিলিয়ে মোট ১৭টি সেচ প্রকল্প আছে। এসব প্রকল্পের অধীনে এবার ৩৫ হাজার হেক্টরের কিছু বেশি জমিতে সেচসুবিধা দেওয়া সম্ভব হবে। আরও কয়েকটি নতুন সেচ প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।