সেচে অতিরিক্ত টাকা আদায়
ডিজেল আর বিদ্যুতের মূল্যবৃদ্ধির অজুহাতে নাটোরের গুরুদাসপুর উপজেলার সেচপাম্পের মালিকেরা বোরো আবাদে সেচ-খরচের জন্য ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, চলনবিলকেন্দ্রিক গুরুদাসপুর উপজেলার বোরো আবাদ সেচের ওপর নির্ভরশীল। গৃহস্থ শ্রেণীর কৃষকেরা নিজেরা গভীর-অগভীর নলকূপ ও এলএলপি (লোয়ার লিফট পাম্প) দিয়ে বোরো স্কিমে সেচ দিয়ে থাকেন। আর ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা বিত্তবান এসব গৃহস্থদের সেচপাম্প থেকে পানি কিনে নিয়ে জমিতে সেচ দিয়ে ফসল ফলান।আনন্দ নগর গ্রামের কৃষক সানোয়ার হোসেন, মকছেদ আলী ও আফের আলী জানান, গত বোরো মৌসুমে প্রতি বিঘা জমিতে সেচখরচ বাবদ এক হাজার ৮০০ থেকে দুই হাজার টাকা করে নিয়েছেন নলকূপের মালিকেরা। মজুরিসহ সার, বীজ ও কীটনাশকের দাম কম থাকায় তেমন সমস্যা হয়নি। কিন্তু এবার বিদ্যুৎ ও ডিজেলের মূল্যবৃদ্ধির অজুহাতে বিঘাপ্রতি সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত সেচখরচ দাবি করছেন নলকূপ মালিকেরা।ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা জানান, বাড়তি সেচখরচসহ মজুরি, বীজ, যন্ত্রচালিত চাষের খরচের মূল্যবৃদ্ধির বিষয়টি তাঁদের জন্য ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে। বিয়াঘাট বাবলাতলা গ্রামের কৃষক আব্বাস প্রামানিক ও শ্রীপুর গ্রামের কৃষক আবদুল কুদ্দুস বলেন, ‘রেডিও-টিভিতে খবর শুনি, সরকার সেচের খরচের জন্য ভর্তুকি দেয়, কিন্তুক আমরার মতো গরিব কৃষকরা তো সেই সুবিধা পায়নে। উপরন্তু বছর বছর সেচের খরচ বাড়ছে কেন?’গুরুদাসপুর কৃষি কর্মকর্তা বাবলু কুমার সূত্রধর বলেন, ‘সেচ ব্যবস্থাপনায় কোনো নীতিমালা না থাকায় পাম্পের মালিকেরা তাঁদের ইচ্ছামতো খরচ আদায় করে থাকেন।’ তবে প্রতি বিঘা জমি সেচে কত টাকা খরচ হয়ে থাকে, সে হিসাব তাঁর দপ্তরে নেই বলে তিনি জানান।