সেচে অতিরিক্ত টাকা আদায় রায়পুরে কৃষক নিরুপায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ডিজেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির অজুহাতে বোরো চাষিদের কাছ থেকে সেচ বাবদ অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। সেচপাম্পমালিকেরা এখন গন্ডাপ্রতি আগের চেয়ে ৬০ থেকে ১০০ টাকারও বেশি আদায় করছেন। এতে আবাদ ও উৎপাদনের লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় কৃষকেরা জানান, উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বোরো আবাদের জন্য ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা সেচপাম্পমালিকদের কাছ থেকে পানি কিনে জমিতে সেচ দিয়ে ফসল ফলান। গত বোরো মৌসুমে গন্ডাপ্রতি (৬ শতাংশ) ১৪০ থেকে ১৭০ টাকা সেচ খরচ বাবদ নেওয়া হয়। কিন্তু এবার ২০০ থেকে ২৫০ টাকা, কোথাও কোথাও ৩০০ টাকা পর্যন্ত নিচ্ছেন পাম্পমালিকেরা। চরমোহনা গ্রামের আবদুল আজিজ বলেন, ‘পাম্পমালিকেরা আমাদের প্রকল্পে গন্ডাপ্রতি ২৮০ টাকা ধার্য করছেন। সেচের পানি বাবদ যদি এত টাকা যায়, তাহলে উৎপাদন খরচ বেড়ে যাবে। এ কারণে কৃষকেরা হতাশ হয়ে পড়েছেন। অনেকে বোরো ফসল বাদ দিয়ে সয়াবিন চাষের কথা ভাবছেন। চর আবাবিল গ্রামের কৃষক আমিনুর রহিম বলেন, গত কয়েক বছর ধরেই কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়ে চলেছেন। উৎপাদন খরচ বেড়ে গেলেও ফসলের বাজারমূল্য অনেক কম। এখন আবার ডিজেলের মূল্যবৃদ্ধি মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে পাঁচ হাজার ১২৮ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১৯ হাজার ৬৫৮ টন। এরই মধ্যে ৩০ শতাংশ জমিতে বোরো আবাদ করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আলমগীর বলেন, ‘অতিরিক্ত টাকা আদায়ের বিষয়টি কৃষকেরা আমাদের জানিয়েছেন। সেচ ব্যবস্থাপনায় কোনো নীতি না থাকায় পাম্পমালিকেরা ইচ্ছামতো খরচ আদায় করছেন। এ ছাড়া ডিজেল ও বিদ্যুতের মূল্য বেড়ে যাওয়াতেও তাঁরা বাধ্য হয়ে বেশি টাকা নিচ্ছেন।’