সেচে অতিরিক্ত টাকা আদায় রায়পুরে কৃষকেরা নিরুপায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিজেল আর বিদ্যুতের দাম বৃদ্ধির অজুহাতে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক বোরোচাষিদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। সেচ পাম্পের মালিকেরা সেচের খরচের জন্য গন্ডাপ্রতি (৬ শতাংশ) আগের চেয়ে ১০০ থেকে ১৩০ টাকা বেশি আদায় করছে। এতে আবাদ ও উৎপাদনের লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসমে ছয় হাজার ৯০০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ইতিমধ্যে ৬০ শতাংশ জমিতে বোরো আবাদ করা হয়েছে। উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বোরো আবাদ সেচের ওপর নির্ভরশীল। ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা বিত্তবান সেচ পাম্পের মালিক থেকে পানি কিনে নিয়ে জমিতে সেচ দিয়ে ফসল ফলান।কেরোয়া গ্রামের কৃষক আবুল বাশার ও বামনী গ্রামের হারুনুর রশিদ জানান, গত বোরো মৌসমে গন্ডাপ্রতি ১৪০ থেকে ১৭০ টাকা সেচ খরচ বাবদ নেওয়া হয়েছে। কিন্তু এবার ডিজেল ও বিদ্যুতের দাম বৃদ্ধির অজুহাতে প্রতি গন্ডায় ২৫০ থেকে ৩০০ টাকায় আদায় করছে পাম্পের মালিকেরা। কোথাও কোথাও ৩৫০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। চরবংশী গ্রামের আবদুল আজিজ বলেন, ‘পাম্পের মালিকেরা আমাদের প্রজেক্টে গন্ডাপ্রতি ৩০০ টাকা ধার্য করছে। সেচের পানি বাবদ যদি এত টাকা যায়, তাহলে উৎপাদন খরচ অনেক বেড়ে যাবে। এ কারণে অনেকে বোরো ফসল বাদ দিয়ে সয়াবিন চাষের কথা ভাবছেন।’ চর আবাবিল গ্রামের কৃষক মমতাজ উদ্দিন জানান, গত কয়েক বছর কৃষক ক্ষতিগ্রস্ত। উৎপাদন খরচ বেড়ে গেলেও ফসলের বাজার দর অনেক কম। এখন আবার ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায় ‘মড়ার উপর খাঁড়ার ঘা’। উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আলমগীর বাবুল বলেন, ‘অতিরিক্ত টাকা আদায়ের বিষয়টি কৃষকেরা আমাদের জানিয়েছে। সেচ ব্যবস্থাপনায় কোনো নীতি না থাকায় পাম্পের মালিকেরা ইচ্ছামতো টাকা আদায় করছেন। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’