সেচে আশা সোলেমানের সৌরবিদ্যুৎ সেচযন্ত্র
বোরো মৌসুম এলেই ডিজেলের মূল্য বৃদ্ধি কিংবা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পাওয়া নিয়ে কৃষকদের দুশ্চিন্তার অন্ত থাকে না। দুশ্চিন্তা কিছুটা লাঘব হয় সূর্যের আলোনির্ভর সেচ প্রযুক্তি ব্যবহারে। ডিজেল কিংবা বিদ্যুৎ নয়, সূর্যের আলোর ব্যবহারে ভূগর্ভের পানি উঠিয়ে সেচকাজ চালানো হয়। কিন্তু এই প্রযুক্তি বেশ ব্যয়সাধ্য। কৃষকের একার পক্ষে এই প্রযুক্তি নেওয়া জটিল।
সৌরবিদ্যুৎ-নির্ভর সেচযন্ত্রকে কৃষকবান্ধব করতে কাজ করছিলেন ঠাকুরগাঁওয়ের এক কৃষক সোলেমান আলী। বাড়ি সদর উপজেলার মোলানী গ্রামে। ২০১৫ সালে শুরু করা প্রচেষ্টা অবশেষে সফলতার মুখ দেখেছে। তৈরি করেছেন সৌরবিদ্যুৎ-নির্ভর ভ্রাম্যমাণ সেচযন্ত্র। নির্মাণ ব্যয় কম। ফলে কৃষেকর সাধ্যের মধ্যেই এর দাম রাখা হচ্ছে। বহনযোগ্য বলে বিভিন্ন স্থানে, খেতে নিয়ে সেচ দেওয়া সম্ভব। জানালেন সোলেমান।
ঠাকুরগাঁওয়ে ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই বা আইপিএস তৈরি করে বিক্রি করতেন সোলেমান। দেশে সৌর সেচযন্ত্র চালু হওয়ার পর এই প্রযুক্তি আরও সহজলভ্য করতে কাজ শুরু করেন তিনি। আগের অভিজ্ঞতা বেশ কাজে লাগে। বাজারে থাকা সৌর সেচযন্ত্রে একের পর এক সৌর প্যানেল, কন্ট্রোলারসহ নানা যন্ত্রপাতি লাগিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে লাগলেন সোলেমান। দ্রুতগতিতে পানি তুলতে পাম্পে যোগ করলেন গিয়ার বক্স। সূর্যের সঙ্গে তাল মিলিয়ে সৌর প্যানেলটি সহজে নড়াচড়ার ব্যবস্থা করলেন। পরে সৌর প্যানেলের অবকাঠামোতে চাকা লাগিয়ে তা এক স্থান থেকে অন্য স্থানে বহনের উপযোগী করে তুললেন। তিনি এই সৌর সেচযন্ত্রটির নাম দিলেন ভ্রাম্যমাণ ও মুভিং সৌর সেচযন্ত্র।
সোলেমান বললেন, ভ্রাম্যমাণ সৌর সেচযন্ত্রে সূর্যের তাপ সংরক্ষণ করার জন্য ১০টি সৌরকোষ একত্রে সংযুক্ত করে একটি সৌর প্যানেল তৈরি করেছেন তিনি। প্রতিটি সৌরকোষের ধারণক্ষমতা ২৫০ ওয়াট। ওই সৌর প্যানেলের ওপর সূর্যের আলো পড়লেই এতে ভোল্টেজ সৃষ্টি হয় এবং সংযুক্ত তারের মাধ্যমে এটি থেকে বিদ্যুৎ পাওয়া যায়। সেই বিদ্যুৎ দিয়ে চলে তিন হর্স পাওয়ারের একটি পানির পাম্প। এই সেচযন্ত্র দিয়ে জমিতে সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত সেচ দেওয়া যায়। ২ হাজার ৫০০ ওয়াটের সৌর প্যানেল দিয়ে মিনিটে ৭০০ লিটার পানি ওঠে অনায়াসে। এক দিনে অনায়াসে ১০ বিঘা জমিতে সেচ দেওয়া সম্ভব।
সোলেমানের হিসাবে, এক ওয়াট সৌরকোষের দাম পড়ে ৫০ টাকা। সেই হিসাবে ২৫০০ ওয়াটের সৌর প্যানেলের দাম পড়ে সোয়া লাখ টাকা। পানির পাম্প কেনা ও প্যানেলের অবকাঠামো তৈরিতে খরচ পড়ে আরও ৬৫ হাজার টাকা। একটি ভ্রাম্যমাণ সৌর সেচযন্ত্র তৈরিতে খরচ পড়ে প্রায় এক লাখ ৯০ হাজার টাকা। এ পর্যন্ত ১৪টি সৌর সেচযন্ত্র তৈরি করেছেন তিনি। এর মধ্যে নয়টি বিক্রি করেছেন, পাঁচটি ভাড়ায় খাটছে। প্রতি বিঘা জমিতে পানি দিতে প্রতিটি সেচযন্ত্র দুই হাজার টাকায় ভাড়া দেন তিনি। প্রতিটি সেচযন্ত্রের দাম নেন ২ লাখ টাকা। পাশাপাশি দেন কারিগরি সেবা।
রানীশংকৈল উপজেলার কোচল গ্রামে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) মাধ্যমে কৃষকেরা সাড়ে তিন পাওয়ার হর্সের সৌর সেচযন্ত্র স্থাপন করেছেন। ওই সেচযন্ত্র দিয়ে ১০ একর জমিতে সেচ দেওয়া যায়। স্থাপন করতে খরচ হয়েছে প্রায় ১৩ লাখ টাকা। ওই সেচযন্ত্র পরিচালনার দায়িত্বে থাকা মো. মমতাজউদ্দিন বলেন, তাঁদের সৌর সেচযন্ত্রটি বসাতে গেলে ন্যূনতম ১০ শতক জমি লাগে। আর উদ্ভাবিত সেচযন্ত্র দখল করে মাত্র ১৬ ফুট জায়গা।
সম্প্রতি গ্রিন টেকনোলজি সিস্টেম (জিটিএস) বাজারে স্মার্ট সৌর সেচযন্ত্র নিয়ে এসেছে। ওই সৌর সেচযন্ত্র দিয়ে প্রতিদিন গড়ে ২৫ বিঘা জমিতে সেচ দেওয়া যায়। সেচযন্ত্রটি বসাতে খরচ হবে ৩ লাখ ৭০ হাজার টাকা।
সোলেমানের ভ্রাম্যমাণ সৌর সেচযন্ত্র কিনে নিজ জমিতে ব্যবহার করছেন সদর উপজেলার চিলারং গ্রামের মো. মুক্তারুল ইসলাম। নিজের জমিতে সেচ দেওয়ার পর এটি অন্য কৃষকদের কাছে আবার ভাড়াও দিচ্ছেন। তিনি বলেন, ‘বিদ্যুচ্চালিত সেচপাম্পে এক মৌসুমে প্রতি বিঘা জমিতে সেচ দিতে সাড়ে ৩ থেকে ৪ হাজার টাকা খরচ পড়ে। সৌর সেচযন্ত্র দিয়ে সেচ দিতে আমরা নিচ্ছি ২ হাজার টাকা।’
সম্প্রতি ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. আবদুল আওয়াল সোলেমানের সৌর সেচযন্ত্র পর্যবেক্ষণ করেন। তিনি বলেন, সৌর সেচযন্ত্র কৃষকবান্ধব করে তুলতে তাঁর উদ্ভাবন সত্যিই প্রশংসনীয়। তাঁর উদ্ভাবনটা প্রাতিষ্ঠানিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ নেওয়া হবে।