সেচে ও বিষ ঢেলে মরা পদ্মায় মাছ শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মরা পদ্মা নদীতে মাছ চাষের নামে শ্যালো ইঞ্জিন দিয়ে পানি সেচে এবং বিষ ঢেলে মাছ শিকারের অভিযোগ পাওয়া গেছে। এর ফলে হুমকির মুখে পড়েছে দেশীয় প্রজাতির মাছ।খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ক্যানালঘাট থেকে শুরু করে পূর্ব ও উত্তর উজানচর মৌজার কামারডাঙ্গী পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকার মরা পদ্মায় ১৪টি বাঁধ দিয়ে নদীকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। এসব বাঁধের মধ্যে স্থানীয় ভূমিমালিকদের সঙ্গে মিলে জেলে নামধারী কিছু প্রভাবশালী ব্যক্তি মাছ চাষ করেছেন। এখন ওই মাছ ধরার নামে তাঁরা নদীতে তিন-চারটি করে শ্যালো ইঞ্জিন বসিয়ে পানি সেচে সেখানে তেলজাতীয় একধরনের বিষ প্রয়োগ করছেন। এতে করে নদীতে থাকা দেশীয় প্রজাতির বিভিন্ন মাছসহ নানা ধরনের জলজ উদ্ভিদ মরে ভেসে উঠছে। পরে সেগুলো বাজারে বিক্রির জন্য নিয়ে আসছে। গতকাল শনিবার সকালে পূর্ব উজানচরে গিয়ে দেখা গেছে, একটি বাঁধে তিনটি শ্যালো ইঞ্জিন। পাশে জেলেরা সুতি জাল দিয়ে মাছ শিকার করছেন। এতে করে নদীতে চাষের সব মাছসহ দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ উঠে আসছে। পাশেই দেখা গেছে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ মরে ভেসে আছে। এ সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, স্থানীয় জমির মালিকদের সঙ্গে মিলেমিশে আরও অনেককে নিয়ে তাঁরা মাছ চাষ করেছেন। তাঁরা এখন বাঁধের এক পাশ থেকে আরেক পাশে পানি সেচে মাছ ধরছেন। এতে কোনো ধরনের কীটনাশক বা ওষুধ ব্যবহার করা হচ্ছে না। স্থানীয় ইউপি সদস্য এজাজ আহামেঞ্চদ বলেন, ‘এভাবে ওষুধ দিয়ে মাছ মারলে ভবিষ্যতে দেশীয় প্রজাতির মাছের বংশই থাকবে না।’ উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাঈদ আহামেঞ্চদ বলেন, সরকারের নিজস্ব জলাশয়ে বাঁধ তৈরি করে মাছ চাষাবাদ বা শিকার করা যাবে না। ব্যক্তি মালিকানাধীন জমিতে চাষাবাদ করলে করতে পারে। যদি কেউ থাইয়োডিন বা অন্যান্য বিষ প্রয়োগ করে থাকে, তাহলে তা শাস্তিমূলক অপরাধ হিসেবে গণ্য হবে।