সেচে কৃষকের বাড়তি ব্যয় সাড়ে ৩৭ কোটি টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেচ নীতিমালা লঙ্ঘন করে রাজশাহীর বাগমারায় টাকার বদলে চার ভাগের এক ভাগ ধান নেওয়া হচ্ছে। এতে চলতি বোরোর মৌসুমে কৃষকদের বাড়তি সাড়ে ৩৭ কোটি টাকা যাবে। এ টাকার পুরোটাই যাবে সেচযন্ত্রের মালিক ও পরিচালকদের পকেটে।একদিকে ধানের দাম না পাওয়া, অন্যদিকে সেচ বাবদ বাড়তি খরচ—এ দুইয়ে মিলে দিশেহারা হয়ে পড়েছেন বাগমারার কৃষকেরা। দীর্ঘদিন ধরে চলে আসা এই প্রথা বাতিলের দাবি জানিয়েছেন তাঁরা।কৃষি কর্মকর্তা ও কৃষকেরা জানান, বাগমারায় এবার এক লাখ ৪২ হাজার ৮৭৫ বিঘা (১৯ হাজার ৫০ হেক্টর) জমিতে বোরোর চাষ হয়েছে। প্রতি বিঘায় ১৮ থেকে ২০ মণ ধান হয়। এ হিসাবে উপজেলায় এবার ২৭ লাখ ১৪ হাজার ৬২৫ মণ ধান উৎপাদন হবে (বিঘাপ্রতি গড়ে ১৯ মণ ধরে)। সেচ প্রদানকারীদের নিয়মানুসারে কৃষকদের চার ভাগের এক ভাগ অর্থাৎ ছয় লাখ ৭৮ হাজার ৬৫৬ মণ ধান দিতে হবে। এই ধানের বাজারদর দাঁড়ায় ৪৭ কোটি ৫০ লাখ ৫৯ হাজার ২০০ টাকা (প্রতি মণ ধান ৭০০ টাকা ধরে)।উপজেলা বরেন্দ্র প্রকৌশলী জানান, প্রতি বিঘা জমি সেচ দিতে সর্বোচ্চ ৭০০ টাকা খরচ হয়। উপজেলা কৃষি কর্মকর্তাও এই তথ্যকে সমর্থন করেছেন। সেই হিসাবে সেচ বাবদ মোট খরচ হওয়ার কথা ১০ কোটি ১২ হাজার ৫০০ টাকা। কিন্তু সেচযন্ত্রের মালিক ও পরিচালকদের নিয়ম মানতে গিয়ে কৃষকদের দিতে হবে সাড়ে ৪৭ কোটি টাকা। অর্থাৎ বাগমারার কৃষকদের শুধু সেচের পেছনে এ বছর বাড়তি সাড়ে ৩৭ কোটি টাকা গুনতে হবে। আর প্রতি বিঘায় সেচ বাবদ অতিরিক্ত গুনতে হবে দুই হাজার ৬২৫ টাকা।উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ইউসুফ মো. রেজাউর রহমান জানান, তিনি নিজে কয়েক দিন ধরে ঘুরে বাগমারায় টাকার পরিবর্তে ধান নেওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছেন। তাঁর হিসাবমতে, এ জন্য কৃষকদের সেচ-ব্যয় হিসেবে অতিরিক্ত প্রায় ৪০ কোটি টাকা গুনতে হবে।উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, বাগমারায় চার হাজার ২৫টি বিভিন্ন ধরনের সেচযন্ত্র রয়েছে। এর মধ্যে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালিত গভীর নলকূপ আছে ৪২৩টি। অবশিষ্ট তিন হাজার ৬০২টি ব্যক্তিমালিকানাধীন সেচযন্ত্র।বিএমডিএর ১৯৯২ সালের নিয়মানুযায়ী, অপারেটররা প্রতি ঘণ্টায় ৭৫-৮৫ টাকা হারে সেচ-চার্জ নিয়ে জমিতে সেচ দেবেন। সরকারি নীতিমালায়ও একই কথা বলা আছে। অথচ ওই নিয়মের তোয়াক্কা না করে কৃষকদের কাছ থেকে চার ভাগের এক ভাগ জমির ধান নেওয়া হচ্ছে।এমনিতেই ধানের উৎপাদন খরচ বৃদ্ধি ও নায্য দাম না পাওয়ায় চাষিরা হতাশার মধ্যে আছেন; তার ওপর সেচে বাড়তি খরচ হওয়ায় আরও লোকসানের আশঙ্কা করছেন তাঁরা। বাগমারা গ্রামের কৃষক মকবুল হোসেন জানান, তিনি এবার এক বিঘা জমি বর্গা নিয়ে ধানের চাষ করেছেন। জমিতে যে পরিমাণ ধান হবে, তার চার ভাগের এক ভাগ সেচপাম্প মালিককে, অর্ধেক দিতে হবে জমির মালিককে। বাকি এক ভাগ তাঁর। উৎপাদন খরচ ও ধানের বাজারদর হিসাবে তাঁর লোকসান হবে এ কথা নিশ্চিত।এ অবস্থায় কৃষকেরা এবার মৌসুমের শুরুতে সেচযন্ত্রের মালিক ও পরিচালকদের ধান দেওয়ায় আপত্তি জানালেও কাজ হয়নি। সেচ প্রদানকারীরা তাঁদের নিয়মেই সেচ দিচ্ছেন। এ নিয়ে উপজেলার বারইপাড়ায় কৃষক ও সেচযন্ত্রের পরিচালকদের মধ্যে অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। কৃষকেরা সেচের জন্য ধানের পরিবর্তে টাকা দিতে চাওয়ায় ক্ষিপ্ত হন পরিচালকেরা। গত ২৩ ফেব্রুয়ারি তাঁরা কৃষকদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালান। এ ব্যাপারে দুই কৃষক বাদী হয়ে বাগমারা থানায় মামলা করেছেন।বারইপাড়া গ্রামের মাসুদ আলীসহ একাধিক কৃষক জানান, তাঁরা ধান উৎপাদন করে লোকসান দিচ্ছেন। আর প্রভাবশালী সেচযন্ত্রের মালিক ও পরিচালকেরা লাভবান হচ্ছেন। এ প্রথা বাতিলের দাবি জানান তিনি।বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বসন্তপুর গ্রামের নলকূপের পরিচালকদের একজন ফরিদ উদ্দিন কৃষকদের কাছ থেকে টাকার পরিবর্তে ধান নেওয়ার কথা স্বীকার করে বলেন, কৃষকদের আগ্রহের কারণেই এ কাজ করা হয়।বিএমডিএ বাগমারা অঞ্চলের সহকারী প্রকৌশলী এ কে এম মশিউর রহমান জানান, শুধু তাঁরাই নন, ব্যক্তিমালিকানাধীন সেচপাম্পের মালিকেরাও টাকার পরিবর্তে ধান নিয়ে থাকেন। তিনি দাবি করেন, তাঁদের বেশ কিছু নলকূপ এই মৌসুমে কৃষকদের কাছ থেকে টাকা নিচ্ছে।উপজেলা কৃষি কর্মকর্তা সামস-ই-তাবরিজ এই প্রথাকে আংশিক সমর্থন করে বলেন, কৃষকেরা সেচ-চার্জের টাকা অগ্রিম দিতে পারেন না বলে ধান দেন। ধান নেওয়ায় কৃষকেরাই ক্ষতিগ্রস্ত হন বলে মন্তব্য করেন তিনি।উপজেলা সেচ কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ডি এম জিয়াউর রহমান বলেন, টাকার পরিবর্তে ধান নেওয়ায় কৃষকেরা লোকসানের শিকার হন। এই প্রথার বিরুদ্ধে এলাকায় প্রচারণা চালানো হবে।