সেচে বিল শুকিয়ে মাছ শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় দুই সপ্তাহ ধরে বিল সেচে মাছ শিকার করা হচ্ছে। এতে মাছের বংশ নির্মূল হওয়ার পাশাপাশি জলজ উদ্ভিদ ও জীববৈচিত্র্য বিপন্ন হচ্ছে। বোরো জমিতে সেচকাজও ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবছর এই সময়ে বিলের পানি কমে আসায় কিছু অসাধু লোক বিলের তলা শুকিয়ে মাছ শিকার শুরু করেন। ফাল্গুন মাসের মাঝামাঝি এভাবে মাছ শিকার শুরু হয় এবং তা চলে চৈত্র মাসের শেষ সপ্তাহ পর্যন্ত। সরকারি নিয়ম অনুযায়ী, এভাবে মাছ শিকার করা যায় না। অথচ দুই সপ্তাহ ধরে এভাবেই মাছ শিকার চলছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার সোনামড়ল বিলের চট্টনিয়া অংশ, কাইঞ্জা বিলের পাশুয়া অংশ, শিলুন্দিয়া, গুলবিল, খরচা বিলের চাকুয়া ও উগইল্লা অংশে, শাল কুমরা, ছাগলআইরা দাইড়, হলদি, মেধাবিলসহ উপজেলার অধিকাংশ বিলেই এখন শ্যালো ইঞ্জিনচালিত সেচযন্ত্র দিয়ে বিল শুকিয়ে মাছ ধরা হচ্ছে।
উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন তালুকদার বলেন, প্রশাসনের নজরদারি না থাকায় কতিপয় সুবিধাভোগী লোক অবাধে বিলগুলো পানিশূন্য করে মাছ শিকার করছে। এভাবে চলতে থাকলে মাছের রাজ্য হিসেবে পরিচিত এই উপজেলা ভবিষ্যতে মাছশূন্য হয়ে পড়বে।
ধরমপাশা ডিগ্রি কলেজের উদ্ভিদবিজ্ঞানের শিক্ষক মো. আসাদুজ্জামান বলেন, বিল শুকিয়ে মাছ শিকার করায় বিভিন্ন জলজ উদ্ভিদ দিন দিন কমে যাচ্ছে। বিলুপ্ত হচ্ছে দেশীয় প্রজাতির অনেক মাছ। এভাবে মাছ শিকার বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম বলেন, ‘বিলের তলা শুকিয়ে মাছ শিকার করা কোনো অবস্থাতেই আইনসম্মত নয়। মৎস্য সংরক্ষণ আইনে এ ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। বিল সেচে মাছ শিকার বন্ধে আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। তবে এলাকাবাসী এ ব্যাপারে সোচ্চার হলে এভাবে মাছ শিকারের প্রবণতা বন্ধ করা সহজ হবে বলে আমি মনে করি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাজমুল হক প্রথম আলোকে বলেন, বিলের তলা শুকিয়ে মাছ শিকার বেআইনি। এলাকাবাসীর কাছ থেকে প্রায়ই এ বিষয়ে অভিযোগ আসছে। এ নিয়ে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।