সেচেও বিদ্যুৎ পাচ্ছে না, তাহলে কোথায় সেই বিদ্যুৎ: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘কৃষকের জন্য সেচের কথা বলে শহরে লোডশেডিং করা হচ্ছে। সারা দেশে চরম দুর্বিষহ লোডশেডিং চলছে। কিন্তু গ্রামে গিয়ে শুনলাম, কৃষকেরাও সেচে বিদ্যুৎ পাচ্ছে না। তাহলে কোথায় সেই বিদ্যুৎ?’গতকাল সোমবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় যুব সংহতির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এ কথা বলেন। ‘পুরো দেশ আজ হতাশায় আচ্ছন্ন’ মন্তব্য করে মহাজোটের শরিক এই নেতা বলেন, ‘আমার কাজের লোক বলল—“স্যার, বাজারে যেতে ইচ্ছে করে না। জিনিসপত্রের আকাশছোঁয়া দাম।” তাহলে সাধারণ মানুষের আজ কী অবস্থা? তারা কী খেয়ে, কী আশায় বেঁচে আছে?’এরশাদ দাবি করেন, সামনে কেবলই অন্ধকার। মানুষ পরিবর্তন চায়, মুক্তি চায়। একমাত্র জাতীয় পার্টিই পারে এই অন্ধকার সরিয়ে হতাশাচ্ছন্ন মানুষকে বাঁচাতে। এরশাদ ‘ঝড়ের পদধ্বনি’ নামে নিজের লেখা একটি কবিতা পাঠ করে নেতা-কর্মীদের আগামী নির্বাচনে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।যুব সংহতির সভাপতি লিয়াকত হোসেনের সভাপতিত্বে সভায় জাপার সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমদ, মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার, ঢাকা সিটি করপোরেশন দক্ষিণ এলাকার মেয়র পদপ্রার্থী কাজী ফিরোজ রশীদ, এম এ হান্নান, সাংসদ নূরে হাসনা লিলি চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।