সেচের অভাবে আট হাজার হেক্টর জমি অনাবাদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ মৌসুমেও চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন বিলের আট হাজার ১০০ হেক্টর জমিতে বোরোর আবাদ হচ্ছে না। চারপাশের নদীগুলো শুকিয়ে যাওয়ায় এবং পাম্প দিয়ে সেচ দিতে না পারায় এসব বিলের জমিতে আবাদ হয় না। এ মৌসুমে চাষ করতে পারলে এসব জমিতে অতিরিক্ত প্রায় ৬০ হাজার টন বোরো ধান উৎপাদন করা সম্ভব হতো বলে কৃষি কর্মকর্তারা জানিয়েছেন। রাঙ্গুনিয়া উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে রাঙ্গুনিয়া উপজেলার ১৭টি বিলের প্রায় আট হাজার ৬০০ হেক্টর জমিতে বোরোর আবাদ হচ্ছে। গত বর্ষা মৌসুমে এসব বিলের প্রায় ১৬ হাজার ৭০০ হেক্টর জমিতে আমনের আবাদ হয়। সেচের অভাবে প্রায় আট হাজার ১০০ হেক্টর জমিতে বোরোর চাষাবাদ হচ্ছে না। এলাকাবাসী জানান, পানির অভাবে তালুকদারপাড়া বিলের ৭০০, নারিশ্চা বিলের দুই হাজার ৪৬০, উদলবুনিয়া বিলের ২৬১, শিলক রাজাপাড়া বিলে ৪১০ হেক্টর, কোদালা বিলে ৭৮০, পোড়ামুড়া বিলে ৪৫০, বেতাগি বিলে ৪৯০, বগাবিলি বিলে ৬০০, রইস্যাবিলে ৩৫৬, রাইখালী ডং নালা বিলে ১১১, মগাইছড়ি বিলে ১২৩, নলুয়া বিলে ২৮৫, হাজারী বিলে ১০৫, নিচিন্তাপুর বিলে ৩৫০, ছনখোলা বিলে ১৫০, গজালিয়া বিলে ২৭০, গোসাইল্যা বিলের ১৯৪ হেক্টর জমিতে বোরো চাষাবাদ হচ্ছে না। রাঙ্গুনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা একরাম উদ্দিন এ প্রসঙ্গে বলেন, সেচ-সুবিধার আওতায় আনা গেলে প্রতি শুষ্ক মৌসুমেও উপজেলার আট হাজার ১০০ হেক্টর জমিতে বোরোর চাষাবাদ সম্ভব হতো। এসব জমির প্রতি হেক্টরে ৭ দশমিক ৫ মেট্রিক টন হিসাবে অতিরিক্ত প্রায় ৬০ হাজার মেট্রিক টন বোরো ধান উৎপাদন করা যেত। যার বাজারমূল্য প্রায় ১৩ কোটি টাকারও বেশি। কৃষি কর্মকর্তা একরাম উদ্দিন আরও বলেন, ঘাগড়া খাল, কুরমাই খাল, মুন্দরি খাল, ত্রিপুরা সুন্দরী খাল, সিলফলিয়া ছড়া, হাশেম খাল, রইস্যাবিলি খাল, গোচরা খাল, গুনগুনিয়া খাল, কাটাখালী মহাফেজ খাল খনন করলে সব কয়েকটি বিলের জমি পানি সেচের আওতায় আসবে। ইছামতী নদী ও শিলক খাল খনন করে পানি ধারণ করার ব্যবস্থা করলে এসব বিলের উঁচু জমিতেও সেচ সরবরাহ করা সম্ভব হবে। জলাবদ্ধতায় ৪০০ একরে আবাদ অনিশ্চিতআমাদের বাগমারা (রাজশাহী) প্রতিনিধি জানান, জলাবদ্ধতার কারণে বাগমারার যশাইবিলে ৪০০ একর জমিতে বোরোর চাষ অনিশ্চিত হয়ে পড়েছে। খনন না করায় ও খালের মুখ দখল করে চাষাবাদ করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। সরেজমিনে দেখা গেছে, বিলের দুই কিলোমিটার এলাকাজুড়ে জলাবদ্ধতা। এ কারণে উপজেলার আলোকনগর, কালুপাড়া, মাঝগ্রাম তালঘরিয়া ও রায়াপুর গ্রামের কয়েক শ চাষি বিলে চারা রোপণ করতে পারছেন না। কৃষকেরা জানান, বর্ষাকালে কুচুয়ামারা খাল হয়ে বন্যার পানি এখানে প্রবেশ করে। বোরো মৌসুমের আগে পানি হালতি বিল হয়ে বের হয়ে যায়। এ ছাড়া চাষিরা পাম্পের সাহায্যে পানি নিচে নামিয়ে আবাদের জন্য জমি তৈরি করেন। তবে এ বছর পানি নিষ্কাশন করতে না পারায় বোরোর আবাদ করা যাচ্ছে না। কৃষকেরা অভিযোগ করেন, কুচুয়ামারা খালটি খনন না করায় এবং খালের পানি নিষ্কাশনের মুখ দখল করে কোনাবাড়িয়া ও রায়াপুর গ্রামের কয়েকজন চাষাবাদ শুরু করায় এ জটিলতার সৃষ্টি হয়েছে। হামিরকুৎসা ইউপির চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, খাল খনন না করায় এবং পানি নামার মুখ দখল করায় ৪০০ একর জমিতে এবার বোরোর চাষ করা যায়নি।