সেচের অভাবে বোরোর আবাদ হয়নি ৬০ বিঘায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মকাবিলের পাশে বোরোর জমি ফেটে চৌচির l প্রথম আলো
মকাবিলের পাশে বোরোর জমি ফেটে চৌচির l প্রথম আলো

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মকাবিলে সেচ নালায় বাঁধ দেওয়ায় ৬০ বিঘা জমিতে বোরো চাষ করা যায়নি। কৃষকেরা অভিযোগ করায় গতকাল রোববার বাঁধ অপসারণ করা হয়। কিন্তু কৃষকেরা বলেন, অপসারণের এক ঘণ্টার মধ্যে আবারও নালায় বাঁধ দেওয়া হয়েছে।
এদিকে মকাবিলে মাছ চাষের একটি খামার করা নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা মৎস্য কর্মকর্তা ভিন্ন ভিন্ন কথা বলছেন।
পানির অভাবে বিশাল জমিতে বোরো চাষ করতে না পারায় স্থানীয় ৮০ জন কৃষক কৃষিসচিব এবং মৎস্য ও প্রাণিসম্পদসচিব বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগের বিবরণ অনুযায়ী, শুষ্ক মৌসুমে প্রতিবছর এলাকার কৃষকেরা পতনঊষার ইউনিয়নের ধূপাটিলা গ্রামের মকাবিল থেকে পানি সেচে দুই শতাধিক বিঘার জমিতে বোরো চাষ করেন। সম্প্রতি ইউনিয়ন পরিষদের (ইউপি) স্থানীয় ওয়ার্ড সদস্যসহ একটি প্রভাবশালী মহল মাছের খামার করার উদ্যোগ নেন। এ জন্য লাঘাটা নদীর সঙ্গে মকাবিলে যুক্ত নালায় এক সপ্তাহ আগে মাটির বাঁধ দেওয়া হয়। এতে পানি কম আসায় এ অঞ্চলের ৬০ বিঘারও বেশি জমিতে কৃষকেরা বোরোর আবাদ করতে পারেননি।
পতনউষার ইউপি চেয়ারম্যান তওফিক আহমদ বলেন, মকাবিলে একটি মৎস্য খামার করার চিন্তাভাবনা আছে। এ নিয়ে কৃষক ও মৎস্যজীবীদের সঙ্গে বৈঠক হয়েছে। মকাবিলে বাঁধ দিলে বোরোচাষিরা ধাপে ধাপে পানি নিয়ে চাষাবাদ করতে পারবেন। আর বাঁধ না দিলে লাঘাটা নদীর সংযুক্ত নালার পানিতে পুরো এলাকার ফসলি জমি তলিয়ে যাবে।
ধূপাটিলা গ্রামের কয়েকজন কৃষক বলেন, জমি তৈরি করে বোরো রোপণের সময় পেরিয়ে যাওয়ায় অনেকেই ধানের চারা বিক্রি করে ফেলছেন। এলাকার কৃষকদের না জানিয়ে প্রভাবশালী মহল মাছের খামার করার উদ্যোগ নিয়েছে। তাই তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ পেয়ে গতকাল কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তা মকাবিল এলাকা পরিদর্শন করে সেচ নালায় বাঁধ অপসারণ করেন। তবে কৃষকেরা অভিযোগ করেন, উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তা ঘটনাস্থল থেকে ফিরে আসার এক ঘণ্টা পর আবারও সেচ নালায় বাঁধ দেওয়া হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. সামসুদ্দীন আহমদ বলেন, আবারও বাঁধ দিলে তদন্ত করে সমাধান করা হবে।