বিদ্যুৎ-সংকটের কারণে সেচ দিতে না পারায় ভোলার প্রায় পাঁচ হাজার হেক্টর জমির বোরো ধান হুমকিতে পড়েছে। পানির অভাবে ধানখেত ফেটে চৌচির হয়ে গেছে। ধানগাছের পাতা হলুদ হয়ে গেছে এবং গাছ থেকে শিষ বের হচ্ছে না।
বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করে জমিতে সেচ দিতে না পারলে ভোলায় বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন কৃষক ও কৃষি কর্মকর্তারা।
ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশার পাম্প ব্যবস্থাপক আবদুল খালেক গত সোমবার বলেন, এ বছর মৌসুমের শুরু থেকে প্রতিদিন এক ঘণ্টাও বিদ্যুৎ পাওয়া যায়নি। খেতে ঠিকমতো পানি দেওয়া সম্ভব হয়নি। মাঝে ১৫ দিন একদমই বিদ্যুৎ ছিল না। খেত একদম শুকিয়ে গেছে।
আবদুল খালেকের মতো একই কথা জানালেন সেচ ব্যবস্থাপক পশ্চিম ইলিশার সালাউদ্দিন, হযরত আলী, মো. মোস্তফা, আজিজুল ইসলাম, মুস্তাফিজ শিকদার।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, চলতি বছর ভোলার সাত উপজেলায় ৪৫ হাজার ১৬০ হেক্টরে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় পাঁচ হাজার হেক্টরে বিদ্যুৎ-চালিত ১৪২টি পাম্পের মাধ্যমে সেচ দিয়ে বোরো আবাদ হয়েছে।
বাকি ৪০ হাজার হেক্টর জমিতে ডিজেলচালিত এক হাজার ৫২৯টি পাম্প দিয়ে সেচ দেওয়া হচ্ছে। এই মৌসুমে বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক লাখ ৭৫ হাজার ৪৮৮ টন।
গত কয়েক দিন সদর উপজেলার কয়েকটি গ্রামে দেখা গেছে, যেসব খেতে ডিজেলচালিত পাম্প দিয়ে সেচ দেওয়া হয়েছে, সেসব খেতে পাকা ও আধা পাকা ধান দোল খাচ্ছে। কিছু কিছু স্থানে কৃষক ধান কাটতে শুরু করেছেন।
অপরদিকে যেসব খেতে বিদ্যুৎ-চালিত পাম্প দিয়ে সেচ দেওয়া হয়েছিল, পানির অভাবে সেসব খেত ফেটে চৌচির হয়ে আছে, ধানগাছের পাতা হলুদ হয়ে গেছে এবং গাছ থেকে শিষ বের হচ্ছে না। তাই অনেক কৃষক বাধ্য হয়ে ভাড়ায়চালিত ডিজেল-পাম্প বসিয়ে খেতে সেচ দিচ্ছেন।
পশ্চিমাঞ্চলীয় বিদ্যুৎ বিতরণ সংস্থা (ওজোপাডিকো) ভোলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আলী বলেন, ভোলায় এই মুহূর্তে বিদ্যুতের চাহিদা ৩৪ মেগাওয়াট। পাওয়া যাচ্ছে সাত-আট মেগাওয়াট। এই বিদ্যুৎ কয়েকটি নদীর তলদেশ দিয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে বরিশাল ও পটুয়াখালী জেলা থেকে সরবরাহ করা হচ্ছে। ফলে প্রায়ই কেব্ল বিকল হয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে। এ ছাড়া গ্যাসভিত্তিক সাড়ে ৩৪ মেগাওয়াট উৎপাদনক্ষমতার ভাড়ায়চালিত বিদ্যুৎকেন্দ্রটি এপ্রিল মাসে বিকল হওয়ার পর আর মেরামত করা হয়নি। এই কেন্দ্র চালু হলে ভোলায় বিদ্যুতের সমস্যা থাকবে না।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শান্তিরঞ্জন মণ্ডল বলেন, ‘এক বছর ধরে ভোলায় বিদ্যুতের সমস্যা প্রকট আকার ধারণ করেছে। বিদ্যুৎ-চালিত পাম্পের অধীন খেতে সেচ দিতে না পারায় এবার বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে না।’