সেচের অভাবে ৫০ হাজার হেক্টরে বোরো আবাদ হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় বিভিন্ন খাল পলি জমে ভরাট এবং দখল হয়ে যাওয়ায় অন্তত ৫০ হাজার হেক্টর জমিতে বোরোর আবাদ করা সম্ভব হচ্ছে না। শীতের মৌসুমে এসব খালের জমিতে পানির অভাবে সেচ দেওয়া যায় না।কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তরের ভোলা কার্যালয় সূত্র জানায়, জেলায় দুই লক্ষাধিক হেক্টর জমিতে বিভিন্ন ফসল উৎপাদিত হয়। এর মধ্যে এ বছর বোরোর আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৫২ হাজার হেক্টর। বাকি জমিতেও বোরোসহ সেচযোগ্য অন্যান্য ফসল উৎপাদন সম্ভব।কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তরের ভোলার উপপরিচালক এ টি এম শহিদুল ইসলাম বলেন, ভোলায় যে পরিমাণ খাল ও নদী রয়েছে, তাতে জেলার সব আবাদযোগ্য জমি বোরো চাষের আওতায় আনা সম্ভব। কারণ, শীতের মৌসুমে অনেক খাল শুকিয়ে যায়। তখন সেচের অভাবে বোরো আবাদের লক্ষ্যমাত্রা পূরণ করতেই হিমশিম খেতে হয়। তাই খালগুলো খনন করা হলে আরও অন্তত ৫০ হাজার হেক্টর জমি বোরো চাষের আওতায় আনা যেত। এ ছাড়া সেচের অভাবে অন্যান্য ফসল উৎপাদনও ব্যাহত হচ্ছে। অন্যদিকে সেচনালা কাঁঁচা হওয়ায় সেচের অর্ধেক পানি অপচয় হচ্ছে। খাল খননের সঙ্গে পাকা সেচনালা নির্মাণ করাও জরুরি।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, ভোলার প্রায় এক হাজার ৫০০ কিলোমিটার খালের মধ্যে ১৯৮৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ভোলা সদর, বোরহানউদ্দিন ও লালমোহন উপজেলার প্রায় ৬৫০ কিলোমিটার খনন করা হয়েছে। ওই তিন উপজেলার বাকি খালগুলো খনন করা হয়নি। এ ছাড়া ১৯৯২ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত দৌলতখান, তজুমদ্দিন ও চরফ্যাশন উপজেলায় ৬৬৭ কিলোমিটার খাল খনন করা হয়।সরেজমিনে ভোলার বিভিন্ন এলাকায় দেখা গেছে, স্থানীয় অধিবাসীরা খালের দুই পাশ দখল করেছে। খালের ওপর অপরিকল্পিত সেতু-কালভার্ট নির্মাণ, বাঁধ দিয়ে মাছের চাষ, খালে ময়লা-আবর্জনা ফেলা এবং পলি পড়ায় অধিকাংশ খাল ভরাট হয়ে গেছে।সদর উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল ইসলাম জানান, ধনিয়া ইউনিয়নের ভোলা খাল ও এর শাখা খালগুলো খনন না করায় নবীপুর, আলগী, বাপ্তাসহ কয়েকটি ইউনিয়নে বোরো আবাদ ব্যাহত হচ্ছে। এসব এলাকায় খালে পানি থাকলে অতিরিক্ত পাঁচ হাজার একরে বোরো চাষ সম্ভব হতো।দৌলতখানের উত্তর জয়নগর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. হোসেন জানান, ঘুইংগার হাট খাল ও বাংলাবাজার খালের শাখা খালগুলো শীত মৌসুমে শুকিয়ে যায়। এ দুটি খাল ও এর শাখা খালগুলো খনন করলে এখানে অতিরিক্ত দুই হাজার হেক্টর জমিতে বোরো চাষ করা সম্ভব।চরফ্যাশন উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, উপজেলার প্রায় সবগুলো খাল খনন করা দরকার। এর মধ্যে কালাপানিয়া খাল ও মুখরবান্দা খাল পলি জমে ভরাট হওয়ায় আমিনাবাদ, আসলামপুর ও চর মাদ্রাজ ইউনিয়নে বোরো আবাদ ব্যাহত হচ্ছে। খাল খনন করলে ওই তিন ইউনিয়নে আরও ১০ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ করা যেত। সংশ্লিষ্ট সূত্র জানায়, একই অবস্থা অন্যান্য উপজেলায়ও।বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (সেচ) ভোলা শাখার কর্মকর্তা সহকারী প্রকৌশলী স্বপন কুমার হাওলাদার বলেন, জেলার অধিকাংশ খাল খনন করতে হবে। এর মধ্যে জরুরি ভিত্তিতে ৫১টি খাল খনন করা দরকার। এ ছাড়া বিস্তীর্ণ এলাকায় পাকা নালা করাও জরুরি। পাউবো, ভোলার নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান বলেন, ‘জেলার অধিকাংশ খাল খনন এবং বিভিন্ন স্থানে স্লুইসগেট নির্মাণে আমরা প্রকল্পের নকশা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। কিন্তু পাস হয়নি। পাস না হলে নতুন করে খাল খনন করা সম্ভব হবে না।’