সেচের দাম বাড়ানোয় কৃষকেরা বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বোরো মৌসুমে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) ও গভীর নলকূপের মালিকেরা বোরো চাষের সেচ খরচ বৃদ্ধি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কৃষকদের ভাষ্য, গত বছরের তুলনায় এবার স্থানভেদে পানি ব্যবসায়ীরা কৃষকদের কাছ থেকে একরপ্রতি ৫০০ থেকে এক হাজার টাকা বেশি আদায় করছেন। ফলে তাঁরা বিপাকে পড়েছেন।সেচ কমিটির সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, পানি ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ আছে তাঁরা দু-একটি ইউনিয়নে একরপ্রতি এক হাজার টাকা বেশি সেচ খরচ আদায় করছেন। কিন্তু তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। কারণ, সেচের বিষয়ে সুনির্দিষ্ট নিয়মনীতি নেই। তাই দর নির্ধারণ করে দিলেও সেচমালিকেরা সেটা মানেন না।খোঁজ নিয়ে জানা গেছে, গত বছর বোরো মৌসুমে বিএমডিএ কৃষকের কাছ থেকে ঘণ্টাপ্রতি ৮৫ টাকা এবং একরপ্রতি দুই হাজার ১০০ টাকা সেচ খরচ আদায় করেন। কিন্তু এবার সেটা বাড়িয়ে প্রতি ঘণ্টা ১১০ টাকা এবং স্থানভেদে একরপ্রতি তিন হাজার ৮০০ টাকা পর্যন্ত আদায় করছেন। আর ব্যক্তিমালিকানাধীন গভীর নলকূপের মালিকেরা একরপ্রতি তিন হাজার ৬০০ টাকা করে নিচ্ছেন।উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলায় ১৩ হাজার ২৫০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও সেটা পূরণ হয়নি। গত বছর ১৩ হাজার ৫৫০ হেক্টর জমিতে বোরো চাষ করা হয়। গত বছরের তুলনায় এ বছর প্রায় সাড়ে তিন শ হেক্টর জমিতে বোরো চাষ কম হয়েছে। বরেন্দ্র বহুমুখী প্রকল্পের ১০২টি, বিএডিসি ১৪টি ও ব্যক্তিমালিকানার ১০৬টি গভীর নলকূপের মাধ্যমে সেচ দেওয়া হয়। উপজেলার কাজিহাল ইউনিয়নের পুখুরীহাট গ্রামের কৃষক মো. আয়েজউদ্দীন, মোতালেব হোসেন ও ফজলার রহমান দাবি করেন, বিএমডিএ একরপ্রতি দুই হাজার ৮০০ টাকা সেচ খরচ নিচ্ছে। অথচ গত বছর দুই হাজার ২০০ টাকা নিয়েছিল।শীবনগর ইউনিয়নের দেবীপুর গ্রামের কৃষক নাজিম উদ্দীন ও আক্তারুল ইসলাম বলেন, এখানে বিএমডিএ একরপ্রতি তিন হাজার ৮০০ টাকা সেচ খরচ নিচ্ছে। গত বছর দুই হাজার ৮০০ টাকা নিয়েছিল। এলুয়ারী ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের কৃষক আবদুর রাজ্জাক ও আতাউর রহমান বলেন, ব্যক্তিমালিকানাধীন সেচপাম্পগুলোতে স্থানভেদে গত বছরের তুলনায় এবার সেচ খরচ একরপ্রতি ৫০০ থেকে ৮০০ টাকা বেশি আদায় করা হচ্ছে। বিএমডিএ ইউনিট-২ ফুলবাড়ী অঞ্চলের সহকারী প্রকৌশলী খাইরুল ইসলাম বলেন, বিদ্যুতের দাম বাড়ার কারণে গত বছরের তুলনায় এবার সেচের খরচ কিছুটা বেশি আদায় করা হচ্ছে। ব্যক্তিমালিকানাধীন গভীর নলকূপের মালিক শাহ্ মো. ইলিয়াছুর রহমান বলেন, ট্রান্সফরমার ওঠানো-নামানোর খরচ ও বিদ্যুতের বিল বাড়ানো হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা আবদুর রশীদ জানান, সেচসহ অন্যান্য বিষয়ে উপজেলা সেচ কমিটি সিদ্ধান্ত নিলে উপজেলা প্রশাসন হস্তক্ষেপ করে। তাই এবার সেচের দর নির্ধারণ করা হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, সেচের বিষয়ে সেচ কমিটির সিদ্ধান্তে হস্তক্ষেপের কথাটি সঠিক নয়। গভীর নলকূপের মালিকানা ও সেচ নিয়ে সংঘাতের আশঙ্কা থাকলেই বিষয়টি দেখা হয়।