সেচের পানি সরবরাহ বন্ধ, কৃষকের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের কাফুরা পূর্বপাড়া গ্রামে বোরো ধানের জমিতে পানি সরবরাহের নালা ভেঙে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। পানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় জমিতে সেচ দিতে না পেরে শতাধিক কৃষক দুশ্চিন্তায় পড়েছেন। গত মঙ্গলবার ভুক্তভোগী কৃষকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) এ বিষয়ে লিখিতভাবে জানিয়েছেন।
স্থানীয় কৃষকেরা জানান, সম্প্রতি গ্রামের একটি সমিতির সভায় দুই পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। এর জের ধরে প্রতিপক্ষের লোকজন চার দিন আগে গ্রামের বোরো চাষের জমির সেচনালা ভেঙে ফেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা কৃষি কর্মকর্তা আবদুর রহিম বলেন, বোরো চাষের জমিতে এভাবে পানি সরবরাহ বন্ধ থাকলে ওই গ্রামের প্রায় দেড় শ বিঘা জমির কৃষক ক্ষতিগ্রস্ত হবেন।
ওই গ্রামের ১৮ জন কৃষক পিডিবির সহায়তায় একটি গভীর নলকূপের মাধ্যমে প্রায় ৪০০ প্রান্তিক কৃষকের বোরোর জমিতে পানি সরবরাহ করে থাকেন। আট বছর ধরে এসব জমিতে বোরো চাষ হচ্ছে। তবে এ বছর পানির সরবরাহ বন্ধ থাকায় কার্যক্রম ব্যাহত হচ্ছে।
স্থানীয় কৃষক আবদুল মান্নান বলেন, গ্রামের সমিতিতে দুই পক্ষের লোকজনের মধ্যে মারধরের ঘটনায় উভয় পক্ষ থেকে থানায় পাল্টাপাল্টি মামলা করা হয়। এর জের ধরে আবু বকর জায়দার ও আনছার আলী তাঁদের বাড়ির সামনে দিয়ে যাওয়া সেচনালার প্রায় ৬০ ফুট ভেঙে ফেলেছেন। নতুন করে সেচনালা তৈরিতেও তাঁরা বাধা দিচ্ছেন।
এ বিষয়ে জানার জন্য গ্রামে আবু বকর জায়দার ও আনছার আলীকে খুঁজে পাওয়া যায়নি।
ইউএনও এ কে এম সরোয়ার জাহান বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।