সেচ-সংকটে তিন হাজার একরের বোরো আবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার সোমেশ্বরী নদীর উজানে একযুগ আগে বাঁধ নির্মাণ করা হয়। এতে নদীর ভাটিতে পানি না থাকায় তিন হাজার কৃষকের প্রায় সাড়ে তিন হাজার একর বোরো আবাদ তীব্র সেচ-সংকটে পড়েছে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা উপজেলার ওপর দিয়ে বহমান সোমেশ্বরী নদীর পানি দিয়ে দুই পাড়ের কৃষকেরা বোরো আবাদ করতেন। কিন্তু প্রায় একযুগ ধরে শুষ্ক মৌসুমে নদীর উজানের কৃষকেরা নদী থেকে বালু তুলে বাঁধ দেয়। এতে ভাটি এলাকায় প্রতিবছর শুষ্ক মৌসুমে তীব্র সেচ-সংকট দেখা দেয়। বর্ষায় পাহাড়ি ঢলের কারণেও ভাটি এলাকার কৃষকেরা আবাদ করতে পারেন না। এই বাঁধ অপসারণের জন্য একাধিকবার জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি বলে জানা গেছে। ভাটির কৃষকেরা তাঁদের আবাদ করা জমিতে সেচের সুবিধা পেতে উজানে করা বাঁধ ভেঙে দেওয়ার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, নদীর উজানে আট কিলোমিটারের মধ্যে শ্রীবরর্দী উপজেলার রাণীশিমুল ইউনিয়নের বালিজুড়ি, ঝিনাইগাতীর কাংশা ইউনিয়নের আয়নাপুর, কাংশা ও বিরামপুর এলাকায় দুই কিলোমিটার পর পর চারটি বাঁধ নির্মাণ করা হয়েছে। ফলে নদীর ১০ কিলোমিটার ভাটিতে কোনো পানিই নেই। এতে সেচ-সংকট পড়েছে উপজেলার বিলাসপুর, দুপুরিয়া, বিধামপুর, বাগেরভিটা, ধানশাইল, চাপাঝোড়া, দাড়িয়ারপাড়সহ ১৮টি এলাকার প্রায় সাড়ে তিন হাজার একর বোরো আবাদ।
শারিকালীনগর গ্রামের কৃষক ফকরুল ইসলাম (৪৬) বলেন, ‘আমরা বর্ষাও সমু পাহাড়ি ঢলের লাইগা কোনো আবাদ করবার পাই না। আবার শুষ্ক মৌসুমে নদীর উজানে বাঁধ দেওয়নে ভাটিতে পানি না থাহায় ঠিকমতো বোরো আবাদ করবার পারি না। তাইলে আমরা কী খামু, বউ-পুলাপুরি লইয়া কেমনে বাঁচমু।’
ভাটি এলাকার কৃষক শাহবুদ্দীন (৫৫) বলেন, ‘প্রতিবছর পানির অভাবে কয়েক শ কৃষক বোরোর আবাদ করবার পায় না। সরকার যদি গাঙের বানডা সরাইয়া দিত। তাইলে আমগর মতো এই অভাবী এলাকার মানুষের বিরাট উপকার অইত।’
উপজেলা কৃষি কর্মকর্তা কোরবান আলী জানান, নদীতে বাঁধ দেওয়া সম্পূর্ণ অবৈধ। তবে এ বাঁধ সরানোর জন্য জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু উজানের কৃষকদের বাধার মুখে কোনো কাজ হয়নি।
ঝিনাইগাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, এই নদীতে বাঁধ সরানোর জন্য ইতিমধ্যে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোজাম্মেল হক বলেন, এ বিষয়ে এ বছর কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।