সেচ-সংকটে পাঁচ শতাধিক কৃষক
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নের পাঁচ শতাধিক কৃষক সেচ-সংকটে পড়েছেন। উগলছড়ি নদীতে পানি না থাকায় কৃষকেরা এ সংকটে পড়েন।
শিজক নদী থেকে উগলছড়ি নদীতে পানি সরবরাহের জন্য একটি সেচযন্ত্র বসানো হয়েছে। কিন্তু বিদ্যুৎ-সংযোগ না থাকায় সেচযন্ত্রটিও চালু করা সম্ভব হচ্ছে না।
কৃষি কার্যালয় ও স্থানীয় কৃষকেরা জানান, পলিমাটি জমে উগলছড়ি নদীর তলদেশ ভরাট হয়ে গেছে। এতে নদীর পানি শুকিয়ে যায়। পানি শুকিয়ে যাওয়ায় নদীতীরের ৮০০ একর বোরো খেতে সেচ দেওয়া যাচ্ছে না। এসব জমিতে সেচ দেওয়ার জন্য শিজক নদীতে একটি সেচযন্ত্র স্থাপন করা হয়েছে। কিন্তু বিদ্যুৎ-সংযোগ না থাকায় সেটি চালু করা যাচ্ছে না।
উগলছড়ি গ্রামের কৃষক শুভাশীষ চাকমা জানান, তিনি এক একর জমিতে ১০ দিন ধরে সেচ দিতে পারেননি। কয়েক দিনের মধ্যে সেচ দিতে না পারলে ধানের চারা নষ্ট হয়ে যেতে পারে।
বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সুনীল বিহারী চাকমা বলেন, উগলছড়ি নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়ায় প্রতিবছর শত শত কৃষক সেচ-সংকটে পড়ছেন।
পিডিবির আবাসিক প্রকৌশলী যত্ম মানিক চাকমা জানান, শিজক নদীতে সেচযন্ত্র চালুর জন্য বিদ্যুত-সংযোগের ব্যাপারে এলাকার লোকজনের সঙ্গে তাঁর মুঠোফোনে কথা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আল ইমরান বলেন, এই মুহূর্তে সেচ দেওয়া না হলে ফলন ভালো হবে না।