সেট টপ বক্স নিয়ে এল বেঙ্গল ডিজিটাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর একটি হোটেলে গতকাল বেঙ্গল ডিজিটাল সেট টপ বক্সের উদ্বোধন করেন অতিথিরা l ছবি: প্রথম আলো
রাজধানীর একটি হোটেলে গতকাল বেঙ্গল ডিজিটাল সেট টপ বক্সের উদ্বোধন করেন অতিথিরা l ছবি: প্রথম আলো

বেঙ্গল কমিউনিকেশন লিমিটেড নিয়ে এসেছে ডিজিটাল কেব্ল টেলিভিশন সার্ভিস ‘বেঙ্গল ডিজিটাল সেট টপ বক্স’। ন্যূনতম আড়াই শ স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এতে দেখা যাবে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এই সেবার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই সুবিধার মাধ্যমে দর্শকেরা বিভিন্ন প্যাকেজের মাধ্যমে তাঁদের পছন্দ অনুযায়ী চ্যানেল দেখতে পারবেন। বিভিন্ন অনুষ্ঠান রেকর্ড করে রাখা যাবে, যা পরে অবসর সময়ে তা দেখা যাবে। এ ছাড়া হাই ডেফিনিশন (এইচডি) চ্যানেল, ভিডিও অন ডিমান্ডসহ নানা সুবিধা পাওয়া যাবে এই সেট টপ বক্সের মাধ্যমে। দর্শক চাহিদা, বয়স, রুচি ও ক্রয়ক্ষমতা বিবেচনা করে একাধিক চ্যানেলের বিভিন্ন প্যাকেজ রাখা হয়েছে। বক্সটির দাম পড়বে সাড়ে তিন হাজার টাকা।
আর মাসে সর্বনিম্ন ভাড়া হবে সাড়ে তিন শ টাকা। শুরুতে রাজধানী ঢাকায় এই সেট টপ বক্সের সেবা পাওয়া যাবে। খুব দ্রুত দেশের অন্যান্য শহরে এটি পাওয়া যাবে। একই প্ল্যাটফর্মের মাধ্যম ভবিষ্যতে ওটিটি, আইপি ফোন, আইপিটিভি সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে বেঙ্গল ডিজিটালের।
প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে আরও অনেক প্রতিষ্ঠান এই সেক্টরে বিনিয়োগ করবে। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, এর মাধ্যমে সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে। পাইরেসিও বন্ধ হবে। অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ বলেন, এই সেবার ফলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেঙ্গল কমিউনিকেশন লিমিটেডের চেয়ারম্যান আবুল খায়ের। তিনি বলেন, এই সেবার মাধ্যমে ডিজিটাল কেব্ল সিস্টেমের প্রকৃত গ্রাহকসংখ্যা নিরূপণ করা সম্ভব হবে।