সেট বক্স চালুর নামে টিভি দর্শকদের সঙ্গে এসসিএসের প্রতারণা?
স্যাটেলাইট দর্শকদের জন্য ডিজিটাল সেট বক্স চালুর নামে সিলেট কেব্ল সিস্টেম (এসসিএস) প্রতারণা করছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার বিকেলে স্যাটেলাইট দর্শক ফোরাম সিলেটের উদ্যোগে নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক মানববন্ধনে দর্শকেরা এ অভিযোগ করেন।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, সম্প্রতি এসসিএস কেব্ল দর্শকদের জন্য ডিজিটাল সেট বক্স ক্রয় বাধ্যতামূলক করেছে এবং জনপ্রিয় বেশ কিছু চ্যানেল অন্যায়ভাবে বন্ধ করে দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগামী তিন দিনের মধ্যে চ্যানেলগুলো চালু না করলে কঠোর কর্মসূচি নেওয়া হবে।
মানববন্ধনে বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কয়েক শ প্রতিনিধির পাশাপাশি শিক্ষার্থীরাও অংশ নেন। স্যাটেলাইট দর্শক ফোরাম সিলেটের আহ্বায়ক খালেদ আল আমিন চৌধুরীর সভাপতিত্বে ও সদস্যসচিব মাশরুরের সঞ্চালনে প্রধান অতিথির বক্তব্য দেন সচেতন নাগরিক কমিটি (সনাক) সিলেটের আহ্বায়ক ফারুক মাহমুদ চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির সদস্য সালেহ আহমদ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আম্বরখানা বাজার কমিটির সাধারণ সম্পাদক গুলজার আহমদ, দর্শক হাজি আলী আকবর, শাহজাহান, আনোয়ার হোসেন, শেখ তোফায়েল আহমদ, শামীমা নাসরিন প্রমুখ।