সেটেলমেন্ট কার্যালয় ঘেরাও কৃষকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে উপজেলা সেটেলমেন্ট কার্যালয়ে এক কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সুবিধা নিয়ে ভুয়া কাগজপত্র তৈরির প্রতিবাদে স্থানীয় কৃষকেরা গতকাল সোমবার ওই কার্যালয় ঘেরাও করেছেন। 

দুপুর সাড়ে ১২টার দিকে ওই কার্যালয় ঘেরাও কর্মসূচিতে কমপক্ষে ৩০০ কৃষক অংশ নেন। উপজেলার মদনপুর গ্রামের কৃষক আমজাদ হোসেন বলেন, উপজেলার মদনপুর মৌজায় তাঁদের প্রায় ৫২ শতাংশ জমি নিয়ে প্রতিপক্ষের সঙ্গে সেটেলমেন্ট কার্যালয়ের সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা আরিফুল ইসলামের এজলাসে একটি মামলা রয়েছে। সম্প্রতি ওই কর্মকর্তা অবৈধ সুবিধা নিয়ে তাঁর স্বাক্ষর জাল করে ওই মামলায় ‘নাদাবি’ কাগজ তৈরি করে প্রতিপক্ষের পক্ষে গোপনে রায় দেন। এ ঘটনা জানার পর গতকাল তিনি ওই কর্মকর্তার কাছে আসেন। কিন্তু না পেয়ে তাঁর কক্ষের সামনে গিয়ে প্রতিবাদ জানাতে থাকলে অন্য কৃষকেরাও শরিক হন।

এদিকে সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা আরিফুলের সঙ্গে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তবে ওই কর্মকর্তার সহকারী আবদুল জলিল বলেন, সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা এই মামলার নথি বাড়িতে নিয়েছিলেন। মামলার নথিতে বাদীর স্বাক্ষরসংবলিত ‘নাদাবি’ পত্র কীভাবে এল, তা অবশ্য তিনি জানেন না।

উপজেলা সেটেলমেন্ট কর্মকর্তা আফজাল হোসেন বলেন, কৃষকের স্বাক্ষর জাল করে ভুয়া ‘নাদাবি’ কাগজ তৈরির বিষয়টি তাঁর জানা নেই। তবে কার্যালয় ঘেরাওয়ের ঘটনা তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছেন।